নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ভারতের ফিজিওথেরাপিস্ট করোনায় আক্রান্ত হওয়ার পরই বাতিল করা হয়ে গিয়েছে ম্যানচেস্টার টেস্ট। এতে ভারতীয়দের ব্যাপারে নেতিবাচক খবর প্রকাশ করেছে ইংলিশ মিডিয়া। আর এতেই চটেছেন ভারতের সাবেক ক্রিকেটার সুনীল গাভাস্কার। গাভাস্কারের মতে আগে সবকিছুর সত্যতা যাচাই করা উচিত।
ভারত দলে করোনার হানার পর ইংলিশ মিডিয়াও বেশ চটেছে। ভারতকে নিয়ে দেশটির শীর্ষ স্থানীয় গণমাধ্যমগুলো বেশ কিছু নেতিচবাচক নিউজ করেছে। আর এতেই ক্ষেপেছেন গাভাস্কার। ভারতীয়দের নিয়ে ইংলিশ মিডিয়ার এমন মন্তব্য ভালোভাবে নেননি গাভাস্কার। তার দাবি ইংলিশ মিডিয়া কিভাবে নিশ্চিত হলো ওই অনুষ্ঠান থেকেই করোনা ঢুকেছে।
তিনি বলেন,“কেউ কী করে জানল যে বই প্রকাশ অনুষ্ঠানেই কিছু হয়েছে? ওই ইভেন্টের ভারতীয় ক্রিকেটারদের করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে। আমি যা শুনেছি টেস্টের আগের সন্ধ্যায় ওই অনুষ্ঠান হয়। সব ক্রিকেটারেরই নেগেটিভ রিপোর্ট আসে। যদি কারোর রিপোর্টই পজিটিভ না আসে, তাহলে সমস্যা কোথায়?”
তিনি আরও যোগ করেন,”ওই রিপোর্টে বলা হয়েছে ভারতীয় প্লেয়াররা টেস্ট খেলতে অস্বীকার করেছে। আমি জানতে চাই তারা কারা? ওই সব রিপোর্ট শুধু মাত্র ব্রিটিশ সংবাদপত্রেই প্রকাশিত হয়েছে। ওরা ভারতের ব্যাপারে কখনও ভাল কিছু লিখবে না। আগে সত্যটা বের করে তারপর আঙুল তোলা উচিত।”
