নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) আগামী আসরে একটু শক্ত অবস্থান নিয়েই নামবে ঐতিহ্যবাহী দল মোহামেডান স্পোর্টিং ক্লাব। এবং ক্লাবটিতে থাকছেন দেশসেরা ক্রিকেটার সাকিব আল হাসান। তবে দলটি এবার নতুন করে ভিড়িয়েছে মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদকে।
দেশের ক্রিকেটের পাঁচ তারকার নামের তালিকা করলে সেখানে থাকবে সাকিব, মুশফিক ও রিয়াদের নাম। তিন তারকাকেই এক দলে ভিড়িয়ে মোহামেডান তাই দলটিকে অন্যসব দলের চেয়ে একটু শক্তিশালী ভাবাটাই স্বাভাবিক। বিগত আসরগুলোতে সবচেয়ে শক্তিশালী দল গড়ত আবাহনী। এবার তিন সুপারস্টারকে দলে ভিড়িয়ে আগেভাগেই মোহামেডান দিয়ে রাখল প্রতিদ্বন্দ্বিতার ইঙ্গিত।
ডিপিএলের গত আসরে মোহামেডানের হয়ে খেলেছিলেন সাকিব। তবে তিনি ছাড়া বড় তারকা আর তেমন ছিলেনই না বলা যায়। তাসকিন আহমেদ, আবু জায়েদ চৌধুরী রাহী, ইরফান শুক্কুররা লিগ শেষ করেছিলেন পয়েন্ট টেবিলের ছয়ে থেকে। মোহামেডান সমর্থনকে মন ভরানোর মত পারফরম্যান্স অন্তত ছিল না। কিন্তু এবার সাকিব, তাসকিন তো থাকছেনই, তাদের সাথে দলে টানা হয়েছে মুশফিক, রিয়াদকে। আলোচিত ওপেনার সৌম্য সরকারও নাম লিখিয়েছেন মোহামেডানে।
মোহামেডানের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের উপস্থিতিতে মুশফিক, রিয়াদ, তাসকিন, সৌম্যরা আনুষ্ঠানিকভাবে মোহামেডানের সাথে চুক্তি করেছেন। সাকিব এখনও চুক্তি করেননি, তবে গেল আসরের মত আগামী আসরেও মোহামেডানের হয়েই খেলবেন তিনি। এমনই জানিয়েছে মোহামেডান কর্তৃপক্ষ।
প্রিমিয়ার লিগে মোহামেডান অবশ্য শিরোপা খরায় ভুগছে। দলটি সর্বশেষ চ্যাম্পিয়ন হয়েছিল ২০০৮-০৯ মৌসুমে। আগামী বছরের তৃতীয় মাসে মাঠে গড়াতে যাওয়া প্রিমিয়ার লিগে মোহামেডানের শিরোপা খরা ঘুচে কি না তা সময়ই বলে দেবে। আপাতত মোহামেডান দলে তারকা ভেড়ানোর কাজ করছে সুনিপুণভাবেই।
