নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বিশ্বকাপের আগে নতুন করে আবারো আলোচনায় বাংলাদেশ দলের সহ অধিনায়ক পদ নিয়ে। যদিও তিন ফরম্যাটে এখন পৃথক তিন অধিনায়কের অধীনে খেলছে বাংলাদেশ জাতীয় দল।
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের স্কোয়াডে যথারীতি সহ-অধিনায়ক হিসেবে রাখা হয়নি কাউকে। একাধিকবার এ নিয়ে আলোচনা হলেও বরাবরই আশ্বাস দেওয়া হয়েছে, প্রয়োজন পড়লে নিয়োগ করা হবে সহ-অধিনায়ক। বিশ্বকাপের মত আসরেও সহ-অধিনায়ক হিসেবে কাউকে দায়িত্ব দিচ্ছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড- বিসিবি?
এই প্রশ্নের উত্তর মিলল জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খানের কথায়। আকরাম জানিয়েছেন, দলে অনেক সিনিয়র ক্রিকেটার থাকার কারণেই আলাদাভাবে কাউকে সহ-অধিনায়কের দায়িত্ব দেওয়া হচ্ছে না। যদিও বিশ্বকাপে অধিনায়ক রিয়াদ ছাড়া সিনিয়র ক্রিকেটার হিসেবে আছেন শুধু সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম।
আকরাম বলেন,”যেহেতু দলে অনেক সিনিয়র খেলোয়াড় আছে তাই সহ-অধিনায়ক আমরা দেই না। ওরা অভিজ্ঞ, তাদের ওপর আমাদের আস্থা আছে। তাই সহ-অধিনায়ক ছাড়াই আপাতত দল দিয়েছি। সহ-অধিনায়কের প্রয়োজন আছে এরকম কোনো পরিস্থিতি হলে টিম ম্যানেজমেন্টের সাথে আলাপ করে সাথে সাথে ব্যবস্থা করব।’’
কোনো কারণে রিয়াদ খেলতে না পারলে বা কোনো পরিস্থিতিতে সহ-অধিনায়কের প্রয়োজন হলে কে পেতে পারেন দায়িত্ব? এমন প্রশ্নের জবাবে আকরাম বলেন,’‘যারা সিনিয়র ক্রিকেটার ওদেরই দায়িত্ব দিতে পারে।”
