রুবেল প্রয়োজনে সার্ভিস দিতে পারবে জানালেন প্রধান নির্বাচক

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

 

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে সম্প্রতি ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত স্কোয়াডে জায়গা পাননি ডান হাতি পেসার রুবেল হোসেন। তবে স্ট্যান্ডবাই হিসাবে দলের সঙ্গে থাকবেন তিনি।

বিগত কয়েকটি সিরিজে দলের সঙ্গে থাকলেও মাঠে নামার সুযোগ পাচ্ছেননা তিনি। সবশেষ ওয়ানডে খেলেছিলেন এ বছরের ২৬শে মার্চে নিউজিল্যান্ডের বিপক্ষে। আর সর্বশেষ টি-টোয়েন্টি খেলেছেন চলতি বছরের ১লা এপ্রিল, নিউজিল্যান্ডের বিপক্ষেই।
এরপরে শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে, অস্ট্রেলিয়া সিরিজ শেষে সদ্য শেষ হওয়ায় নিউজিল্যান্ড সিরিজের স্কোয়াডেও ছিলেন রুবেল। কিন্তু ম্যাচ খেলার সুযোগ পাননি একটিও। ওয়ানডে কিংবা টি-টোয়েন্টি কোনো ফরম্যাটেই না। তারপরেও বিশ্বকাপের স্কোয়াডে স্ট্যান্ডবাই হিসেবে দলের সাথে যাচ্ছেন রুবেল।

প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু জানিয়েছেন, দল টানা ভালো করাতেই ম্যাচ খেলার সুযোগ পাচ্ছেন না রুবেল, “দেখেন দলে যখন ৫-৬ জন পেসার থাকে। সবাইকে কিন্তু ১১ জনের মধ্যে খেলানো মুশকিল। আর দল যখন ভাল খেলতে থাকে তখন একাদশ বদল করতেও টিম ম্যানেজমেন্ট চায় না। তো ধারাবাহিক ভাবে ওই ১১ জনের ওপরই বিশ্বাস রাখা হয়। সেই হিসাবে রুবেল ম্যাচ পায় না।”

ম্যাচ খেলার সুযোগ না পেলেও রুবেল প্রস্তুত আছেন বলেই মনে করেন নান্নু। প্রয়োজনের সময় রুবেল নিজের সেরাটা ঢেলে দিবেন বলেই বিশ্বাস করেন তিনি, “কিন্তু রুবেল আমাদের অভিজ্ঞ ও সিনিয়র ক্রিকেটার। আমি মনে করি ও নিজেকে যেভাবে তৈরি করে রেখেছে যখন দরকার হবে আমরা ওর সেরা সার্ভিসটা পাব।”

একনজরে বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড : মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), নাঈম শেখ, লিটন দাস, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, আফিফ হোসেন ধ্রুব, সৌম্য সরকার, শেখ মেহেদী হাসান, নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ, শামীম হোসেন পাটোয়ারি।

স্ট্যান্ডবাই: রুবেল হোসেন ও আমিনুল ইসলাম বিপ্লব।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »