ওপেনারদের নিয়ে দুশ্চিন্তা নেই পাপনের

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

টি-টোয়েন্টিতে সর্বশেষ টানা তিনটি সিরিজ জিতেছে বাংলাদেশ। এর মধ্যেও দুশ্চিন্তা আছে ব্যাটিং ইউনিটকে নিয়ে, বিশেষত টপ অর্ডারকে নিয়ে। যদিও বিশ্বকাপকে সামনে রেখে দলের তিন ওপেনারের সামর্থ্যে আস্থা রাখছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

নিয়মিত ওপেনার তামিম ইকবাল না থাকায় বিশ্বকাপের মত মঞ্চে দলের ব্যাটিং সামলাতে হবে লিটন দাস, নাঈম শেখ ও সৌম্য সরকারকে। তবে প্রশ্ন উঠছে ওপেনারদের ব্যাটিংয়ের মনোভাব নিয়ে। যদিও আস্থা জানালেন বিসিবি সভাপতি।

পাপন বলেন,’‘ওপেনাররা কোথাও পিছিয়ে আছে এভাবে বলা আসলে ভুল হবে। ক্লিক করছে না, তবে তাদের সামর্থ্য আছে। লিটনকে কি টি-টোয়েন্টিতে মারতে দেখিনি? নিদাহাস ট্রফিতে কি ম্যাচটা জেতাল, অবিশ্বাস্য ব্যাটিং। সৌম্যকেও দেখুন, নিউজিল্যান্ডে ভালো করেছে, জিম্বাবুয়েতে সুপার ব্যাটিং করেছে। নাঈম শেখেরও আছে।’’

টপ অর্ডার ব্যর্থ সঙ্গে সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমের ব্যাটেও রান নেই। পাপনকে অবশ্য এই বিষয়টিও দুশ্চিন্তায় ফেলছে না।

তিনি বলেন,”মুশফিক সাকিব তো পরীক্ষিত, ওদের নিয়ে কোনো কথা বলার কথা না। দুর্ভাগ্যবশত এই সিরিজগুলোতে ওপেনাররা যেমন করার কথা করতে পারেনি। আমি নিশ্চিত এটা শুধু সময়ের ব্যাপার। বিশ্বকাপের আগে নিজেদের প্রস্তুত করে নিবে এবং ওখানে ভালো করবে। ওরা ভালো করতে পারলে যে কারও সাথে আমাদের দলের জেতার সম্ভাবনা আছে।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »