নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
অভিজ্ঞ ও তারন্যের সমন্বয়ে আসন্ন টি-টিয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেটের নিয়ন্ত্রন সংস্থা (বিসিবি)।
বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) বিসিবি ভবনে সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে আসন্ন টি-টুয়েন্টি বিশ্বকাপের জন্য চুড়ান্ত দল প্রকাশ করে বিসিবি। বিসিবির ঘোষিত স্কোয়াডে তেমন কোন চমক না থাকলেও অভিজ্ঞ ও তারুণ্যের সমন্বয়ে মোটামুটি ভারসাম্যপূর্ণ একটি দল গঠন করেছে নির্বাচকরা। নিয়মিত ওপেনার তামিম ইকবাল আগেই নিজের নাম সরিয়ে নিয়েছিলেন বিশ্বকাপ থেকে। তামিমের না থাকা ব্যাতিত আর কোন বড় চমক ছিল না এবারের স্কোয়াডে।
আসন্ন বিশ্বকাপে তরুনদের উপর সবচেয়ে বেশি আস্থা রাখছে নির্বাচকরা। ৬ তরুন ক্রিকেটারের জন্য এটিই জাতীয় দলের হয়ে প্রথম কোন বিশ্বকাপ। এবারের বিশ্বকাপের মঞ্চে প্রথমবারের মতো যে ৬ জন ক্রিকেটার সুযোগ পেতে চলেছেন তারা হলেন, আফিফ হোসেন ধ্রুব, মোহাম্মদ নাইম শেখ, শামীম হোসেন পাটোয়ারী, শরিফুল ইসলাম, শেখ মেহেদি হাসান ও নাসুম আহমেদ। অতিরিক্ত হিসেবে দলে থাকা আমিনুল বিপ্লবের হিসেবে সংখ্যাটা ৭।
আগামী ১৭ অক্টোবর স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের মিশন শুরু করবে রিয়াদবাহিনী। ১৯ অক্টোবর স্বাগতিক ওমান ও ২১ অক্টোবর পাপুয়ানিউগিনির বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ খেলবে বাংলাদেশ। সহযোগী দেশ গুলোর বিপক্ষে জিতে বাছাই পর্ব উতরাতে পারলে তবেই পরের রাউন্ডে, অর্থাৎ বিশ্বকাপের মূল মঞ্চে খেলার টিকেট মিলবে টাইগারদের।
