নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
কিছুদিন আগেই টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন বাংলাদেশ দলের অভিজ্ঞ ওপেনার তামিম ইকবাল। আর বিশ্বকাপের মতো আসরে তাঁকে না পাওয়াটা দুর্ভাগ্যজনক বলছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।
গুঞ্জন ছিল শেষ মুহূর্তে বিশ্বকাপের স্কোয়াডে থাকতে পারেন অভিজ্ঞ এই ওপেনার। তবে শেষ পর্যন্ত তাঁকে ছাড়াই দল ঘোষণা করেছেন প্রধান নির্বাচক। এই ব্যাটসম্যানকে না পাওয়া অবশ্যই বাংলাদেশ ক্রিকেটের জন্য দুর্ভাগ্যজনক। তবে তাঁর বিশ্বাস বিশ্বকাপ শেষে দলের সঙ্গে আবারো ফিরবেন এই অভিজ্ঞ ব্যাটসম্যান।
তিনি বলেন,“তামিম আমাদের তিন ফরম্যাটের সেরা ক্রিকেটার। আমরা আশা করছিলাম বিশ্বকাপে তাঁকে পাব। তাঁকে পাইনি সেটা আমাদের জন্য দুর্ভাগ্য এবং তাঁকে আমরাও মিস করব। তবে আমাদের বিশ্বাস সে আবার ফিরে আসবে।”
তামিম না থাকলেও বিশ্বকাপের জন্য ওপেনার হিসেবে রাখা হয়েছে লিটন দাস, মোহাম্মদ নাঈম ও সৌম্য সরকারকে।প্রধান নির্বাচক নান্নুর বিশ্বাস তামিমের অনুপস্থিতিতে যারা সুযোগ পেয়েছেন তাঁরা ভালো করবেন।
এ বিষয়ে তিনি বলেন,“অবশ্যই যারা সুযোগ পেয়েছে তাঁরা বিরাট প্লাটফর্মের মধ্যে রয়েছে। তাঁদের সেই সামর্থ্য (ভালো করার) আছে। বিশ্বকাপে যারা ওপেন করবে তাঁদের উপর আমাদের বিশ্বাস আছে যে ভালো করবে।”
