বিশ্বকাপে ভারতের মেন্টর হিসেবে থাকবেন ধোনি

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি, ভারতীয় ক্রিকেট ইতিহাসে সেরা অধিনায়ক বললেও ভুল হবে না। শেষ টি২০ বিশ্বকাপেও ছিলেন দলের একজন গুরুত্বপূর্ন সদস্য । আসন্ন টি২০ বিশ্বকাপেও দলের সাথে থাকছেন ধোনি, তবে এবার ক্রিকেটার না, ধোনি এবার থাকছেন বিরাট কোহলিদের মেন্টর হিসেবে ।

২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলের মেন্টর হিসেবে থাকবেন মহেন্দ্র সিং ধোনি। বুধবার দলটির টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করার দিনই বিষয়টি নিশ্চিত করেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।

২০২০ সালের ১৫ আগস্ট আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন ধোনি। তবে আইপিএলে চেন্নাই সুপার কিংসকে প্রতিনিধিত্ব করছিলেন তিনি। আইপিএল ছাড়া এতোদিন ধোনি ছিলেন ক্রিকেট থেকে দূরে, তবে আবারও নতুন ভূমিকায় দলের সাথে যুক্ত হচ্ছেন এই সাবেক ভারতীয় অধিনায়ক ।

এ প্রসঙ্গে বিসিসিআই সেক্রেটারি জয় শাহ বলেন, ‘দুবাইয়ে থাকাকালীন আমার ধোনির সঙ্গে কথা হয়েছিল। সে কেবলমাত্র টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য মেন্টর হতে আগ্রহী ছিল।

তিনি আরো বলেন, ‘অধিনায়ক, সহ-অধিনায়ক এবং প্রধান কোচের সঙ্গে এ ব্যাপারে পরামর্শ করা হয়েছিল। সে কারণেই ধোনি বোর্ডের সঙ্গে আছেন।’

আগামী ১৭ অক্টোবর থেকে মাঠে গড়াচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসর। আসন্ন এই বিশ্ব আসরের জন্য বুধবার দল ঘোষণা করেছে বিসিসিআই।

ভারত স্কোয়াড-

বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা, লোকেশ রাহুল, সূর্যকুমার যাদব, ঋষভ পান্ত (উইকেটরক্ষক), ইশান কিশান (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, রাহুল চাহার, রবীচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, বরুণ চক্রবর্তী, জসপ্রিত বুমরাহ, ভুবনেশ্বর কুমার, মোহাম্মদ শামি।

স্ট্যান্ডবাই: শ্রেয়াস আইয়ার, শার্দুল ঠাকুর ও দিপক চাহার।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »