নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
মিরপুরের মাঠে আরো একটি সিরিজ জয় বাংলাদেশের। এবং আরো একটি লো স্কোরিং ম্যাচ দেখলো ক্রিকেটপ্রেমীরা। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ম্যাচে বাজেভাবে হারার পরে চতুর্থ ম্যাচে জিতে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ।
এদিন প্রথমে ব্যাট করে মাত্র ৯৩ রান সংগ্রহ করে সফরকারীরা, ৯৪ রানের টার্গেটে জিততে শেষ অভার পর্যন্ত খেলতে হয়েছে বাংলাদেশকে।লো স্কোরিং এই ম্যাচে ৫ থেকে ১০ রানের কমতি দেখছেন নিউজিল্যান্ডের কোচ গ্লেন পকনাল। তিনি মনে করেন, ১১০ রানের মত লক্ষ্য ছুঁড়ে দিলে নিশ্চিতভাবেই ম্যাচ জিতত নিউজিল্যান্ড।
পকনাল বলেন, ‘হ্যাঁ, অবশ্যই। ১০০ বা ১১০ রান করতে পারলে আমরা ম্যাচ জিততাম। ম্যাচ শেষ ওভারে গড়িয়েছিল। ১০ রানের কমতি থাকলেও আমরা ভেবেছিলাম ৯৩ রান নিয়েই জিততে পারব। শেষপর্যন্ত পারিনি। উইকেট চ্যালেঞ্জিং হওয়ায় আমরা বোলিংয়ের সময় আত্মবিশ্বাসী ছিলাম।’
এদিকে ম্যাচ শেষে কিউই অধিনায়ক টম ল্যাথাম জানান, ম্যাচ শেষ ওভারে গড়ানোতেই খুশি তারা। তিনি বলেন, ‘আমরা ১০০-১১০ রান করতে চেয়েছিলাম। বাংলাদেশের ব্যাটসম্যানদের কৃতিত্ব দিতে হবে, দ্রুত কিছু উইকেট হারানোর পরও তারা নিয়ন্ত্রণ হারায়নি। মাহমুদউল্লাহ যেভাবে শেষ করে আসলো, কৃতিত্ব তাদের দিতেই হবে। যেভাবে ম্যাচ শেষ ওভারে নিতে পেরেছি তাতে আমি খুশি।’
