নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে ১২৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ৭৬ রানে অল আউট হয়েছে বাংলাদেশ। ব্যাটসম্যানদের ব্যর্থতার দিনে টাইগাররা হেরেছে ৫২ রানে। এমন হারের পর হতাশ টাইগার কোচ রাসেল ডমিঙ্গো।
হতাশ হলেও ভেঙে পড়ছেন না এই আফ্রিকান কোচ, বরং দলকে চাঙ্গা রাখতে চান তিনি । তিনি মনে করেন আন্তর্জাতিক ক্রিকেটে এমন দুই একটি খারাপ দিন আসতেই পারে।
ম্যাচশেষে ডমিঙ্গো বলেন, গত কয়েক সপ্তাহ ধরে ছেলেরা দারুণ খেলছে। সবসময় পারফরম্যান্স একরকম হবে না, আন্তর্জাতিক ক্রিকেটে এটা অপ্রত্যাশিত নয়। তারা যেভাবে কাজ করছে, আমি দোষ খুঁজে বের করতে পারি না।’
নিউজিল্যান্ড তৃতীয় ম্যাচে ভালো করেই জয়ের দেখা পেয়েছে বলে মনে করেন ডমিঙ্গো। এ বিষয়ে ডমিঙ্গোর ভাষ্য, ‘নিউজিল্যান্ড আজ দুর্দান্ত খেলেছে। এই ফরম্যাটের ব্যাপারটাই এমন। নিউজিল্যান্ডকে পূর্ণ কৃতিত্ব দিতে হবে। আজ তারা আমাদের চেয়ে ভালো খেলেছে। আমি হতাশ, তবে টি-টোয়েন্টি খেলাটাই এমন।’
গামিনির উইকেট খুশি করতে পারেনি টাইগার কোচকে, পিচ দেখে যেমন ভেবেছিলেন তেমন আচরণ করেনি পিচ। এ বিষয়ে তিনি বলেন, ‘ভেবেছিলাম অন্যান্য রাতের মতই বল একটু পিছলে যাবে। কিন্তু উইকেট তেমন ভালো হয়নি, বরং সময়ের সাথে সাথে খারাপ হয়েছে। ২ ওভারে ২০ রান ছিল, আর ১১০ রান লাগত। যেভাবে ম্যাচটা শেষ হল তা খুবই হতাশাজনক। গুরুত্বপূর্ণ সময়ে কিছু উইকেট পড়ে যাওয়াতেই আমরা পিছিয়ে পড়েছি।’
নিউজ ক্রিকেট/সুফিয়ান।
