ব্যাটিং নিয়ে ভাবালেও, ফিল্ডিংয়ের উন্নতিতে সন্তুষ্ট বাশার

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে তেমন বড় স্কোর করতে পারেনি বাংলাদেশের ব্যাটসম্যানরা। আর তাই ব্যাটসম্যানদের বড় ইনিংস খেলার দুর্বলতা নির্বাচক হাবিবুল বাশারকে খানিকটা ভাবালেও ফিল্ডিংয়ে উন্নতিতে সন্তুষ্টি প্রকাশ করেছেন তিনি।

নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে টপ অর্ডারদের মধ্যে রানে ফিরেছেন লিটন দাস ও মোহাম্মদ নাঈম। পুরো অস্ট্রেলিয়া সিরিজে ব্যাট হাতে ব্যর্থ নাঈম এদিন জ্বলে উঠেছেন। তবে তার আশা ঘরের মাঠে এমন ব্যাটিং করলেও বিশ্বকাপে ব্যাটসম্যানরা নিয়মিত বড় ইনিংস খেলতে পারবেন।

বাশার বলেন,”শেষ দুটি সিরিজ যদি দেখি তাহলে ব্যাটিং। টপ অর্ডার থেকে বড় রান দেখতে চাচ্ছি। লাস্ট ম্যাচে কিন্তু ওপেনিংয়ে ভালো জুটি হয়েছে। ওপেনিংয়ে ভালো জুটি এবং টপ অর্ডার থেকে একজন ব্যাটসম্যান দেখতে চাই যিনি লম্বা স্কোর করতে পারবে। আমার মনে হয় যে বিশ্বকাপে যখন যাব তখন ঠিক হয়ে যাবে। কারণ তখন ভালো উইকেটে খেলা হবে। ঐ ধরণের উইকেটে কিন্তু আমাদের ছেলেরা ভালো ব্যাটিং করেন।”

তিনি আরও যোগ করেন,”আমরা যেমন দেশে ভালো উইকেটে ব্যাটিং করি (ঘরোয়া ক্রিকেট) তখন সেই কন্ডিশনই কিন্তু ওমান, দুবাইতে গিয়ে পাবেন। আমরা সর্বশেষ যখন দুবাইতে খেলেছি, যদিও সেটা ৫০ ওভারের ম্যাচ ছিল (এশিয়া কাপ) তখন কিন্তু আমাদের ব্যাটসম্যানরা ভালো ব্যাটিং করেছে। তারা কিন্তু ঐ কন্ডিশনে অভ্যস্ত।”

বাশারকে ব্যাটিংয়ের দুর্বলতা ভাবালেও ফিল্ডিং নিয়ে বেশ সন্তুষ্ট তিনি। বিশেষ করে শেষ দুটি সিরিজে ফিল্ডাররা যেভাবে উন্নতি করেছে তাতে বিশ্বকাপের আগে একটু স্বস্তিতে রয়েছেন হাবিবুল বাশার।

তিনি বলেন,”আমাদের বোলিং মনে হয় ভালো হচ্ছে। ফিল্ডিংও দারুণ হচ্ছে। আমার মনে হয় ফিল্ডিংয়ে দল হিসেবে অনেক উন্নতি করেছি। কারণ বিগত সময় ফিল্ডিং ভালো হচ্ছিল না। অনেক ক্যাচ ড্রপ হয়েছে। কিন্তু গত দুই সিরিজে কিন্তু ফিল্ডিং ভালো হয়েছে। তবে আমার মনে হয় ব্যাটিংয়ে যে ল্যাকিং দেখতে পাচ্ছি সেটা ওমানে ঠিক হয়ে যাবে।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »