নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
জিম্বাবুয়ের বিপক্ষে তিন ফরম্যাটেই সিরিজ জয়ের পর ঘরের মাঠে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি ফরম্যাটে সিরিজ জয় করে বাংলাদেশ। এরপর নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি টুয়েন্টি সিরিজে টানা দুই জয় পায় টাইগাররা। এতে বাংলাদেশ দলের এমন টানা সাফল্যের পেছনের মূলমন্ত্র কী? সেটাই জানালেন স্পিনার তাইজুল ইসলাম।
শনিবার (৪ সেপ্টেম্বর) তাইজুল জানান, ‘বাংলাদেশের সাফল্যের পেছনে কাজ করছে আত্মবিশ্বাস ও দলীয় পারফরম্যান্স। আমার কাছে মনে হয় আমাদের সফল হওয়ার কারণ হচ্ছে আমাদের ব্যাটসম্যান বলেন, বোলার বলেন, ফিল্ডার্স বলেন সবার আলাদা একটা আত্মবিশ্বাস আছে এবং টিম হিসেবে খেলতেছে। আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে যে সবাই নিজের দায়িত্বটা নিজের মত করে পালন করছে।’
জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্ট জয় পাওয়ার পর ওয়ানডেতে একবারে গুটিয়ে দেয় বাংলাদেশ। টি-টোয়েন্টিতে এক ম্যাচ হারলেও সিরিজ নিশ্চিত করে বাংলাদেশ। সব ফরম্যাটে জয় করে অস্ট্রেলিয়া দলকে এক প্রকার উড়িয়ে দেয় টাইগাররা। ৫ ম্যাচের সিরিজ জিতে ৪-১ ব্যবধানে। এবার নিউ জিল্যান্ডের বিপক্ষেও দারুণ শুরু করেছে বাংলাদেশ। টানা দুই জয়ের পর দুই ম্যাচ হাতে রেখেই সিরিজে চোখ এখন স্বাগতিক দলের।
দলের ব্যাটসম্যান-বোলারদের কৃতিত্ব দিয়ে তাইজুল আরও বলেন, ‘আমাদের ব্যাটসম্যান ও বোলাররা সব কিছু ভালো করে অর্জন করছে এবং অস্ট্রেলিয়ার সাথে সিরিজ জিততে সাহায্য করেছে। নিউ জিল্যান্ডের সাথেও আমরা দুই ম্যাচ আল্লাহ রহমতে জিতলাম, আমাদের দলের মধ্যে এখন সবার আত্মবিশ্বাসটা খুব ভালো এবং আমরা এটা ধরে রেখে সামনে আগাতে যাচ্ছি।’
টি-টোয়েন্টিতে এই জয়ের ধারাবাহিকতায় র্যাংকিংয়ে উন্নতি হয়েছে বাংলাদেশের। ইতিমধ্যে অস্ট্রেলিয়াকে পেছনে ফেলে প্রথমবারের মতো ষষ্ঠ স্থানে উঠেছে মাহমুদউল্লাহ রিয়াদের দল। সিরিজের বাকি ম্যাচগুলোতে জিতলে দক্ষিণ আফ্রিকাকে পেছনে ফেলে ঢুকে যেতে পারবে পাঁচের মধ্যে।
