নাসুম-শামীমদের কারণেই তিন ফরম্যাটে আলাদা চুক্তি

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

গেল বছরগুলোতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কেন্দ্রীয় চুক্তি করা হত দুই ক্যাটাগরিতে- লাল বল ও সাদা বল। তবে চলতি বছরে এবার তিন ফরম্যাটকে তিন ক্যাটাগরি ধরে চুক্তির তালিকা প্রকাশ করেছে। ভিন্ন পথ অবলম্বনের কারণ জানিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান।

সাম্প্রতিক টি-টোয়েন্টি দলের হয়ে আলো ছড়িয়েছেন বেশ কয়েকজন তরুণ ক্রিকেটার। মূলত তাদের মূল্যায়ন করতেই তিন ফরম্যাটে আলাদা চুক্তি করা হয়েছে। একইসাথে পারিশ্রমিকের দিক থেকে ক্রমানুযায়ী টেস্ট ও ওয়ানডে এগিয়ে থাকায় তিন ফরম্যাটের চুক্তি তরুণ ক্রিকেটারদের আরও ভালো করতে উদ্বুদ্ধ করবে বলে আশা আকরামের।

তিনি বলেন,”এটার কারণটা হল- অনেকেই শুধু টি-টোয়েন্টি খেলছে। যেমন নাসুম আছে, শামীম পাটোয়ারী আছে। এজন্য এবার আমরা তিন ফরম্যাট আলাদা করেছি।’’

টেস্টে ক্রিকেটারদের অনীহা নতুন কিছু নয়। পারিশ্রমিকের তারতম্যের কারণে ভবিষ্যতে টেস্টের দিকেই ক্রিকেটাররা ঝুঁকবেন, এমন আশা আকরামের।

তিনি বলেন,”এবার আমরা পার্থক্য রেখেছি পারফরম্যান্সের জন্য। যেন খেলোয়ারদের ভিতর এই জিনিসটা কাজ করে- টি-টোয়েন্টি থেকে ওরা যদি টেস্টে যায়, তাহলে স্যালারিটা অনেক বেশি,। কেউ যদি ওয়ানডেতে যায় তখনও বেশি। এই পার্থক্যটা আমরা জেনে-বুঝেই করেছি যেন খেলোয়াড়রা পারফর্ম করে অন্য ফরম্যাটে চলে আসে।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »