অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দলে ফিনিশার নেইঃ পন্টিং

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে ফিনিশারের অভাব দেখছেন দেশটির কিংবদন্তি অধিনায়ক রিকি পন্টিং। টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়া দলে এটাই বড় দুর্বলতা, মনে করছেন দেশটিকে দুটি ওয়ানডে বিশ্বকাপ জেতানো এই অধিনায়ক।

টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে বেশ কিছুদিন আগেই দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। দলটিতে ফিনিশারের দায়িত্বে আছেন গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, ম্যাথু ওয়েড এবং অভিষেকের অপেক্ষায় থাকা উইকেটরক্ষক ব্যাটসম্যান জশ ইংলিস। পাঁচ-ছয় নম্বরে বিশেষজ্ঞ কোনো ব্যাটসম্যান অস্ট্রেলিয়া দলে নেই। পন্টিংয়ের দুশ্চিন্তা এখানেই।

তিনি বলেন,”আমাদের টি-টোয়েন্টি দলের ব্যাটসম্যানরা বিগ ব্যাশে তাদের দলের হয়ে এক, দুই বা তিনে ব্যাটিং করে। আর বিগ ব্যাশ লিগে তাদের দলের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় চলে যায়। এভাবে তারা অস্ট্রেলিয়া দলের হয়েও সুযোগ পেয়ে যায়। তাদের বিগ ব্যাশের দলে পাঁচ ছয়ে কারা ব্যাটিং করে? তাদের মধ্যে অস্ট্রেলিয়া দলে কে আছে? কেউই নেই!”

মহেন্দ্র সিং ধোনি, কাইরন পোলার্ডের মতো অস্ট্রেলিয়া দলে সেরকম প্রতিষ্ঠিত কোনো ফিনিশার না থাকায় উদ্বেগ প্রকাশ করেছেন পন্টিং।

তিনি আরও বলেন,”কাইরন পোলার্ড, এমএস ধোনি, হার্দিক পান্ডিয়াদের মতো ফিনিশারদের আমি দেখেছি। তারা তাদের পুরো টি-টোয়েন্টি ক্যারিয়ারে কোথায় ব্যাটিং করেছে? এটাই তাদের খেলা। বিগ ব্যাশের খেলায় যারা নিচের দিকে নেমে বিধ্বংসী ইনিংস খেলে তারা তো আমাদের দলে নেই। থাকলে আপনি বলতে পারতেন, তুমি ছয় নম্বরে নামবে এবং আমরা জানি, ১৫ বল খেললে তুমি ৩০ রান করবে!”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »