নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
মিরপুরে আজ দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে উইকেট বিবেচনায় শেষ ওভারে ২০ রান করা নিউজিল্যান্ডের জন্য বেশ কঠিন ছিল। তবে মুস্তাফিজের করা নো বলের কারণে ম্যাচ জমে গিয়েছিল। যদিও সেই ম্যাচ জয়ের বন্দরে ভেড়াতে পারেনি নিউজিল্যান্ডের অধিনায়ক টম লাথাম।
২০তম ওভারের পঞ্চম বলে নো দেয়ার পরও মুস্তাফিজের ওপর আস্থা ছিল বলে জানিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। সেই সঙ্গে শেষ দিকে নিজের স্নায়ু চাপ দারুণভাবে সামাল দিতে পারায় বাঁহাতি এই পেসারকে নিয়ে খুশি বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক।
এ প্রসঙ্গে মাহমুদউল্লাহ বলেন,’‘টি-টোয়েন্টিতে এমন প্রতিযোগিতাপূর্ণ ম্যাচ হবেই। এমন ম্যাচ জিততে পেরে ভালো লাগছে। যেভাবেই হোক না কেন, জয়টাই মুখ্য। বিশেষ করে মুস্তাফিজ, সে স্নায়ুর চাপ ভালো সামাল দিয়েছে। ম্যাচটা ওদের খুব কাছে চলে গিয়েছিল ওই নো বলটার কারণে। আমার অবশ্য মুস্তাফিজের ওপর আস্থা ছিল এবং দলের জন্য পারফর্ম করেছে।’’
অস্ট্রেলিয়া সিরিজের মতো নিউজিল্যান্ডের বিপক্ষেও বল হাতে দারুণ করছেন শেখ মেহেদি হাসান। এদিন পুরো ৪ ওভার বোলিং করে মাত্র ১২ রান দিয়েছেন ডানহাতি এই অফ স্পিনার।
মেহেদির বোলিং নিয়ে মাহমুদউল্লাহ বলেন,’‘মেহেদি ধারাবাহিকভাবেই দারুণ বোলিং করছিল। প্রতি ম্যাচেই ইনিংসের শুরু করছে সে। দলকে দ্রুতই ব্রেক থ্রু এনে দিচ্ছে। রান কম দিচ্ছে। আজ উইকেটও পেয়েছে।”
