বোলার ও উইকেট নিয়ে ইতিবাচক রিয়াদ

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

সম্প্রতি সময়ে ক্রিকেটের সংক্ষিপ্ত ফর্মেট ওয়ানডে এবং টি টোয়েন্টি ক্রিকেটে ধারাবাহিকভাবে ভালো করছে বাংলাদেশ। এই ভালো করার পিছনে সবথেকে বড় অবদান বাংলাদেশের বোলারদের। বেশ কিছুদিন ধরেই ভালো ফর্মে আছেন বাংলাদেশের বোলাররা, বিশেষ করে পেসাররা। টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ তাই বোলারদের নিয়ে দারুণ খুশি।ধারাবাহিকভাবে উন্নতি করার ক্ষেত্রে একটি দলের জন্য এই বিষয়গুলোকে খুব গুরুত্বপূর্ণ বলেই মনে করেন তিনি,

এ ব্যাপারে বাংলাদেশ দলের কাপ্তান মাহমুদউল্লাহ রিয়াদ বলেন “শরিফুল চারটা ম্যাচেই ভালো বোলিং করেছে। মোস্তাফিজ আউটস্ট্যান্ডিং। তাসকিন দারুণ বোলিং করেছে। রুবেল আছে। সাইফউদ্দিন সুযোগ পেয়েই কাজে লাগিয়েছে। আমদের মধ্যে দারুণ প্রতিযোগিতা চলছে। ব্যাটিং-বোলিং, ফিল্ডিং সব বিভাগেই উন্নতির সুযোগ আছে। আমার মনে হয় এই জিনিসগুলো ভালো দিক, ভালো একটি দল হওয়ার ক্ষেত্রে। আমি সব সময় মনে করি, র‌্যাঙ্কিং অনেক সময় দলের অবস্থার পরিষ্কার ছবি দেখায় না। আপনি যদি ধারাবাহিকভাবে ভালো ক্রিকেট খেলতে পারেন, সেই খেলার ধারাবাহিকতা থাকলে নিশ্চিত ভাবেই আপনি এগোবেন।”

কিছুদিন আগে অষ্ট্রেলিয়ার বিপক্ষে শেষ হওয়া টি টোয়েন্টি সিরিজের উইকেট নিয়ে আলোচনা, সমালোচনার কমতি নেই। একই ধরনের উইকেট হতে পারে নিউজিল্যান্ড সিরিজেও। যার কারনে সিরিজ শুরুর আগেই বাংলাদেশ-নিউজিল্যান্ড টি-টোয়েন্টি সিরিজের উইকেট নিয়ে প্রচুর আলোচনা হচ্ছে। তবে উইকেট নিয়ে ইতিবাচকই থাকতে চাচ্ছেন রিয়াদ। দলের ব্যাটিং শক্তির ওপরও যথেষ্ট আস্থা আছে অধিনায়কের,

‌“উইকেট নিয়ে আমি সব সময় বলি যে উইকেট অনুমান করা কঠিন। আমার মনে হয় পজিটিভ ফ্রেম অব মাইন্ডে যাওয়াটা ভালো। আমরা ভালো উইকেট প্রত্যাশা করব। সেভাবেই ম্যাচে যাব। পরে গিয়ে যেটা পাব সেভাবে আমাদের মানিয়ে নিতে হবে। আমার মনে হয় ওই মাইন্ডসেটটা গুরুত্বপূর্ণ। আপনি যদি আগে থেকে ঠিক করেন ১২০-১৩০ রানের উইকেট হবে তাহলে নেতিবাচক মানসিকতায় যাওয়া হয়। ইতিবাচক মানসিকতায় যাব যে এটা ভালো উইকেট হবে। ইনশাল্লাহ আমাদের ব্যাটিং শক্তি আছে। ঠিকমতো খেলতে পারলে আমরা ভালো স্কোর করব।”

‌দুই দলের মধ্যকার লড়াইয়ে গুরুত্বপূর্ণ প্রভাবক হতে যাচ্ছে বোলিং আর মিরপুরের উইকেট। বাংলাদেশ আর নিউজিল্যান্ডের মধ্যকার পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে আজ(১লা সেপ্টেম্বর) বিকাল ৪টায়।

‌নিউজক্রিকেট / রাসেল।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »