সোহানও খুশি, মুশফিকও খুশিঃ রিয়াদ

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

দীর্ঘ ১৫ বছর ধরে জাতীয় দলে উইকেটরক্ষকের দায়িত্ব পালন করে আসছেন মুশফিকুর রহিম। তবে সাম্প্রতিক সময়ে মুশফিকের অনুপস্থিতিতে সুযোগ পেয়ে নুরুল হাসান সোহান গ্লাভস হাতে দেখিয়েছেন নজরকাড়া পারফরম্যান্স।

যে কারণে টিম ম্যানেজমেন্ট দ্বিধায় পড়েছে ভবিষ্যতে কিপিংয়ের দায়িত্ব পালন করবেন কে। ৩০ আগস্ট প্রধান কোচ রাসেল ডমিঙ্গো জানিয়েছিলেন, নিউজিল্যান্ড সিরিজের প্রথম দুই ম্যাচ সোহান এবং পরের দুই ম্যাচ মুশফিক কিপিং করবেন।

নিজেদের নতুন করে প্রমাণের এই ব্যাপারটিকে ক্রিকেটাররা কীভাবে দেখছেন এ নিয়ে বেশ আলোচনা হয়েছে ক্রিকেট অঙ্গনে। টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ অবশ্য জানালেন, দায়িত্ব ভাগাভাগি নিয়ে মুশফিক বা সোহান অখুশি নন, বরং দুজনই খুশি।

সিরিজ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে রিয়াদ বলেন,’‘প্রভাবের কিছু নেই। মুশফিক দলের একজন সদস্য। সে দারুণ একজন সতীর্থ। সোহানের সাথে কিপিং ভাগাভাগি করতে পেরে সে খুশি। সবকিছু ঠিকাছে। মুশফিক খুশি, সোহানও খুশি। সোহান ইদানীং অনেক ভালো করছে। মুশফিক তো কয়েক বছর ধরেই ভালো করছে। কাজের চাপ ভাগাভাগি করে নিলে দলের জন্যই ভালো হবে।’’

মুশফিকের মত সিনিয়র ক্রিকেটারকে নিজের যোগ্যতা পরীক্ষায় বসতে হচ্ছে দেখে দলে অস্থিরতা কাজ করছে বলে অনুমান অনেকের। রিয়াদ অবশ্য জানালেন, এই সিদ্ধান্তে খুশি দলের সবাই।

তিনি বলেন,’‘কোনো অসুবিধা নেই। দুইজনই খুশি আছে। টিম ম্যানেজমেন্টও খুশি আছে। এই জিনিস নিয়ে আমাদের খুব একটা ভাবনা নেই। লিটনের কিপিংয়ের কথা তো এখনও বলাই হয়নি! সবাই সমানভাবে ভালো করছে। পুরো দলই এ ব্যাপারে ইতিবাচক।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »