নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
আসন্ন বাংলাদেশের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে টাইগারদের বোলিং ইউনিটকেই মূল হুমকি মনে করছে নিউজিল্যান্ড দল। তবে তাদের সব ইউনিটই প্রস্তুত টাইগারদের চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে এমনটাই অভিমত ব্যক্ত করেছেন কিউই অধিনায়ক টম ল্যাথাম।
সিরিজ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে ল্যাথাম জানান, বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান ও স্পিনারদের চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য সামর্থ্যের সবটুকু দিয়ে প্রস্তুত হচ্ছেন তারা।
ল্যাথাম বলেন,’‘তারা সবাই চ্যালেঞ্জ ছুঁড়ে দেয়। ইনিংসের শুরুতে মুস্তাফিজ তার স্লোয়ার বলের জন্য খ্যাত। অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন বল করেছে দেখেছি। স্পিনাররা ইনিংসের শুরুতে ও মাঝখানে চ্যালেঞ্জ ছুঁড়ে দিবে। গত পাঁচ দিন ধরে ছেলেরা অনেক পরিশ্রম করছে যাতে বোলারদের মোকাবেলা করতে পারে। আমরা তাদের বিরুদ্ধে খেলতে মুখিয়ে আছি।’’
এমন কন্ডিশনে উইকেটে স্পিনাররাই একটি ম্যাচের পার্থক্য গড়ে দিতে পারে বিষয়টি জানেন ল্যাথামও। স্পিনে মানিয়ে নেওয়ার মাঝেই আপাতত সমাধান দেখছেন তিনি।
তার ভাষায়,”আমাদের মানিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে, পরিকল্পনায় ঠায় থাকতে হবে, দলের জন্য কিছু করার চেষ্টা করতে হবে। পরিস্থিতি যাই হোক সেরাটা দিতে হবে। আমরা জানি স্পিন বড় চ্যালেঞ্জ হতে যাচ্ছে। তাদের স্পিনাররা এই কন্ডিশনে কত বেশি কার্যকরী তা জানি। তাদের অনেক অভিজ্ঞতা আছে।’’
ল্যাথাম আরও বলেন,’‘তাদের দলটির সব বিভাগেই হুমকি আছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে তারা কী দারুণ খেলেছে আমরা দেখেছি। দলে দুর্দান্ত কয়েকজন স্পিনার আছে, অভিজ্ঞ খেলোয়াড় আছে। তাদের স্পিনারদের সামনে আমাদের ব্যাটিং চ্যালেঞ্জে পড়বে। তাদের নির্ভীক কিছু ব্যাটসম্যান আছে, যারা ম্যাচের নিয়ন্ত্রণ রাখতে পারে।”
