নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
টাইগারদের বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ইতিমধ্যে বাংলাদেশে নিউজিল্যান্ড ক্রিকেট দল। তবে বাংলাদেশে সফরে কিউইদের মূল দলের কেউ নেই। যদিও তাদের লক্ষ্য টি-টোয়েন্টি বিশ্বকাপ প্রস্তুতি। তুলনামূলক বেশ দুর্বল একটা নিউজিল্যান্ড দল এসেছে বাংলাদেশে। কিন্তু তাদের সাথে একমত হতে নারাজ বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
সম্প্রতি একটি ফেসবুক লাইভ আড্ডায় সাকিব এ বিষয়ে নিজের মতামত প্রকাশ করেন। নিউজিল্যান্ডের এই দলটি দ্বিতীয় কিংবা তৃতীয় সারির কিনা এমন প্রশ্নের জবাবে সাকিব বলেন, “আমার মনে হয় একমাত্র বাংলাদেশের মিডিয়া কিংবা বাংলাদেশের মানুষরাই এ ধরনের চিন্তাগুলা করে থাকে যে ‘বি’ দল, ‘সি’ দল কিংবা অন্য দল। আসলে নিউজিল্যান্ড জাতীয় দল খেলতে আসছে এবং আমাদের তাদেরকে সেভাবে সম্মান করা উচিত এবং প্রতিদ্বন্দ্বিতা করা উচিত।”
সাকিব আরও বলেন, এর বাইরে আসলে আমি আর কিছু চিন্তা করছি না এবং যারা চিন্তা করছে তাদের চিন্তাধারণাটা আসলে পরিবর্তন করাটা খুবই জরুরি।
নিউজিল্যান্ডের যে দলই আসুক না কেন তাদেরকে হারানোটা বেশ কঠিন হবে বলেই মনে করেন তিনি, “মানুষ যেভাবে ধারণা করছে যে খুব সহজেই জিতে যাব, আসলে খেলাটা এতটা সহজ না।”
সাকিব বলেন, “আমাদের খুব ভালো ক্রিকেট খেলতে হবে নিউজিল্যান্ডের সাথে জিততে হলে। নিউজিল্যান্ডের দলটা যদিও এত বেশি অভিজ্ঞ নয়, তারপরেও অনেক ভালো দল। ওদের যারা ঘরোয়া ক্রিকেটে, প্রথম শ্রেণির ক্রিকেটে অনেক ভালো পারফর্ম করেছে তারাই এই দলে আছে। সুতরাং, ওদের সাথেও আমাদের সেরা ক্রিকেটটাই খেলতে হবে জিততে হলে।”
সম্প্রতি অস্ট্রেলিয়ার সাথে ঘরের মাঠে ৪-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জিতেছে টাইগাররা। আত্মবিশ্বাস তুঙ্গে থাকায় কিউইদের বিপক্ষেও বাংলাদেশকেই ফেবারিট মানছেন ভক্ত-সমর্থকরা। দুই দলের মাঠের লড়াই শুরু হবে ১ সেপ্টেম্বর বিকাল ৪টায়।
