কিউইদের বিপক্ষে ভালো উইকেটের প্রত্যাশায় ডমিঙ্গো

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

টি টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ। এই সিরিজে ব্যাটিং বান্ধব উইকেট চায় বাংলাদেশ দল। যদিও আবহাওয়ার কারণে বছরের এই সময়টায় পিচকে ব্যাটসম্যানদের ধুন্ধুমার ব্যাটিং উপযোগী করে তোলা দুরূহ। তবুও অষ্ট্রেলিয়া সিরিজের থেকে ভালো উইকেট পেতে চান বাংলাদেশ জাতীয় দলের হেড কোচ রাসেল ডোমিঙ্গা।

মিরপুরের স্লো উইকেটে লো স্কোরিং ম্যাচে ব্যাটসম্যানরা নিজেদের প্রমান করতে পারে না। সর্বশেষ অস্ট্রেলিয়া সিরিজে ব্যাটসম্যানদের ফর্ম ছিল হতাশাজনক। উইকেট থেকে বোলাররা প্রচুর সহায়তা পেলেও বারবার হতাশ হয়েছেন ব্যাটসম্যানরা। বিশ্বকাপের প্রাক্বালে বাংলাদেশের চাওয়া, এই সিরিজের উইকেট যেন ব্যাটিং বান্ধব হয়।

এ নিয়ে রাসেল ডমিঙ্গো বলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে আমি মাঠকর্মী নই। আমি শুধু ভালো উইকেটের প্রত্যাশা করতে পারি। বছরের এই সময়টায় যখন অনেক বৃষ্টি হচ্ছে আর সূর্যের আলোও তেমন নেই, এমন সময়ে বছরের অন্যান্য সময়ের মত উইকেট প্রস্তুত করা কঠিন। তবে আমি ভালো উইকেটেরই প্রত্যাশা করছি।’

মিরপুরে ব্যাটিং উপযোগী উইকেট পাওয়ার সম্ভাবনা ক্ষীণ, এ কথা বলা যায় চোখ বুজে। আর এই ধরনের উইকেটে সফরকারী নিউজিল্যান্ডের ভোগান্তিই বেশি হবে। কিউইদের বিপক্ষেও ডমিঙ্গোর চোখ সিরিজ জয়ে, যা বিশ্বকাপের মত মঞ্চে বাংলাদেশের জ্বালানী হিসেবে কাজ করতে পারে।

তিনি বলেন, ‘ব্যাটিং লাইনআপকে আত্মবিশ্বাস দিবে এমন উইকেটের প্রয়োজনীয়তা বুঝতে পারছি। তবে একইসাথে জয় ও জয় পরবর্তী আত্মবিশ্বাসের কথাও মাথায় রাখতে হবে। আমরা এমন উইকেট চাই যেখানে ১৫০-১৬০ রান ভালো স্কোর হবে।’

বিশ্বকাপের আগে কোন কোন জায়গায় উন্নতি করতে চান- এমন প্রশ্নের জবাবে ডমিঙ্গো আরও বলেন, ‘সিরিজ জেতাটা গুরুত্বপূর্ণ। দেশের মাটিতে আপনি ম্যাচ জয়ের আত্মবিশ্বাস চাইবেন। কোন কোন জায়গায় উন্নতি করতে চাই তা বলা কঠিন। কারণ এখানে ব্যাটিং কন্ডিশন অনেক কঠিন। বড় ইনিংস খেলতে পারলে ভালো হত। বোলিংয়ে আত্মবিশ্বাস আর জয়ের অভ্যাস গড়ে তোলাই এখন বেশি গুরুত্বপূর্ণ।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »