বাংলাদেশের কন্ডিশনে বিপাকে কিউইরা

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

বাংলাদেশ সফরে এসে মাঠে নামার আগেই গরমের দুশ্চিন্তায় নিউজিল্যান্ড ক্রিকেটদল। তপ্ত আবহাওয়ায় অনুশীলন করতে রীতিমত হাপিয়ে উঠছেন সফরকারী ক্রিকেটাররা।

মৌসুমি বায়ুর প্রভাবে দেশে এখনও বর্ষাকালের মত আবহাওয়া বিরাজ করছে। রাজধানীতে টুকটাক বৃষ্টি হলেও ভ্যাপসা গরম ঠিকই আছে। দিনের বেলা সূর্যের প্রখরতার ফলে এই গরম কিউইদের কাবু করে ফেলছে অনুশীলনেই।

কিউই পেসার বেন সিয়ার্স বলেন, ‘এখানে অনেক গরম। এবারই প্রথম অনুশীলনে নেমে আমি এমন গরম অনুভব করলাম। চেষ্টা করছি মানিয়ে নেওয়ার। শেখার চেষ্টা করছি, অস্বস্তি অনুভব হলেও কীভাবে বল করে যেতে হবে। ব্যাপারটা একটু মজার! তবে আপনি হাইড্রেটেড থাকলে অসুবিধা নেই।’

শুধু আবহাওয়াই নয়, ঢাকার পরিবেশ অনেকট ঠেকছে সিয়ার্সের কাছে। মনে হচ্ছে, পুরো ভিন্ন পৃথিবীতে এসে পড়েছেন তারা! মিরপুর স্টেডিয়াম নিয়ে তার মূল্যায়ন, ‘এটা পুরোপুরি ভিন্ন। দেশের মত নয়। চোখ খুলে দেওয়ার মত। মনে হচ্ছে পুরো ভিন্ন এক পৃথিবী।’

তবে একটি জিনিসে মিল খুঁজে পাচ্ছেন এই কিউই ক্রিকেটার। জৈব সুরক্ষা বলয়ে থেকে তার মনে হচ্ছে, নিউজিল্যান্ডের কঠোর লকডাউনের মধ্যে রয়েছেন। করোনাকালের বিদেশ সফরের এই কঠোরতাকে স্বাভাবিক দৃষ্টিতে দেখছেন সিয়ার্স।

তিনি আরও বলেন, ‘আমরা জনসাধারণ থেকে বিচ্ছিন্ন আছি। হোটেলে নিজেদের আঙিনায় আছি, নিজেদের রুমে আছি। খুব বেশি মানুষের কাছাকাছি আসতে হচ্ছে না। দেশের লকডাউনের সাথে তুলনা করা যায়। খুব একটা ভিন্নতা নেই। এই প্রথম দেশের বাইরে খেলতে এসেছি। একটু অদ্ভুত, তবে এই পরিস্থিতি অনুযায়ী স্বাভাবিক।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »