নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
সদ্য সমাপ্ত অস্ট্রেলিয়া সিরিজে নতুন বলে বোলিং করতে দেখা গিয়েছে অফ স্পিনার মেহেদী হাসানকে। আর বল হাতে পেয়ে পাওয়ারপ্লেতে প্রতিপক্ষকে আটকে রাখার দায়িত্বটা বেশ ভালোভাবেই পালন করেছিলেন তিনি। প্রথম ম্যাচে অজি ইনিংসের প্রথম বলেই শিকার করেছেন উইকেট। কিন্তু এ কাজটা যে বেশ কঠিন এবং চ্যালেঞ্জিং তাও জানা আছে তার।
অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচে তিনি শিকার করেছেন পাঁচ উইকেট। সামনে কিউইদের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজেও নতুন বল তার হাতে ওঠার সম্ভাবনা বেশি। পাওয়ারপ্লেতে ব্যাটসম্যানরা থাকেন শিকারের অপেক্ষায়।তাই বোলারদের থাকতে হয় চরম সতর্ক।
আজ রোববার অনুশীলনের পর মেহেদী বলেন,”নতুন বলে বল করতে গেলে উপভোগ তো করতেই হয়। কিন্তু টি-২০ ক্রিকেট, মাঝেমাঝে মার খেলে উপভোগটা থাকে না। যেহেতু টি-২০ ফরম্যাট অনেক চিন্তা-ভাবনা করে বল করতে হয়। সংক্ষিপ্ত সময়ের খেলা, তাৎক্ষণিকভাবে অনেক কিছু করতে হয়। সেক্ষেত্রে নতুন বলের ভূমিকাটা অনেক গুরুত্বপূর্ণ। এখানে যদি সফল হতে পারি তাহলে দলের জন্য ভালো।”
দলের প্রধান অফ স্পিনার হিসেবে কিছুটা বাড়তি দায়িত্ব তার রয়েছে তা তিনি মানছেন। ২৬ বছর বয়সী এ ক্রিকেটার বলেন,”প্রধান অফ স্পিনার হিসেবে একটু দায়িত্ব তো থাকেই। এছাড়া আমাদের দলে আরো অলরাউন্ডার আছেন যারা অফ স্পিন বোলিং করে থাকেন- রিয়াদ ভাই, মোসাদ্দেক, আফিফ। প্রধান স্পিনার হিসেবে আমার তো একটু দায়িত্ব থাকেই।”
