টি-টোয়েন্টি বিশ্বকাপকে হাতছাড়া না করার পরামর্শ স্যামির

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

 

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের দল হিসাবে সফল ওয়েস্ট ইন্ডিজ। একমাত্র দল হিসেবে দুইবার বিশ্বকাপ জিতে এই দলটি। বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের হাতে এবার তৃতীয় বিশ্বকাপ দেখতে চান ড্যারেন স্যামি।

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রসঙ্গ এলে উঠে আসে স্যামির কথাও। ওয়েস্ট ইন্ডিজ যে দুটি বিশ্বকাপ জিতেছে, দুটিরই নেতৃত্ব দিয়েছেন স্যামি। আন্তর্জাতিক ক্রিকেট থেকে আনুষ্ঠানিকভাবে অবসর না নিলেও তিনি এখন আর জাতীয় দলের অংশ নন। তবে সতীর্থদের পরামর্শ দিতে আর বাধা নেই।

আন্তর্জাতিক টি-টোয়েন্টির অন্যতম সফল অধিনায়ক ওয়েস্ট ইন্ডিজকে তাই আহ্বান জানিয়েছেন, বিশ্বকাপের শ্রেষ্ঠত্ব যেন হাতছাড়া না হয়।

স্যামি বলেন, ‘আমাদের শিরোপা ফেরত দিতে চাই না। এটা দারুণ এক ইভেন্ট। আমার ছেলেরা দারুণ খেলছে এবং ভালো করতে যাচ্ছে। করোনা আমাদের সুযোগ করে দিয়েছে জোড়া বিশ্বকাপের গুরুত্ব অনুধাবনের, আর আমরা এখন তৃতীয় বিশ্বকাপ জিততে আরও উদ্যমী।’

টি-টোয়েন্টি বিশ্বকাপের সর্বশেষ আসর মাঠে গড়িয়েছিল ২০১৬ সালে। সেই আসরে ইংল্যান্ডকে হারিয়ে শিরোপা জয় করে ওয়েস্ট ইন্ডিজ। এরপর দীর্ঘ ৫ বছর ধরে আসর মাঠে গড়ায়নি। নতুন আসরকে সামনে রেখে ব্যাটিং অর্ডার নিয়ে বাজি ধরছেন স্যামি।

তিনি বলেন, ‘আমাদের খেলোয়াড়দের সামর্থ্য আছে। খেলোয়াড়দের দিকে দেখুন… কাইরন পোলার্ড, ক্রিস গেইল, আন্দ্রে রাসেল, জেসন হোল্ডার, ফাবিয়ান অ্যালেন, এভিন লুইস… আন্দ্রে রাসেলের মত ব্যাটিং-বোলিং দুটিই পারে এমন একজন আপনার দলকে যেকোনো ম্যাচ জিতিয়ে আসতে পারে।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »