সাকিবের সর্বকালের সেরা ওয়ানডে একাদশের অধিনায়ক ধোনি

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

ক্রিকেটের ২২ গজে অগণিত রথী -মহারথীদের আগমন ঘটেছে। যারা বিশ্ব ক্রিকেটে রাজ করেছেন। সময়ের সাথে সাথে অনেকেই ব্যাট-,প্যাড গুছিয়ে রেখেছেন। অনেকে এখনও রয়ে গেছেন ২২ গজের মায়ার। বিশ্ব ক্রিকেটে রাজত্ব করা এসব তারকাদের নিয়ে নিজেদের পছন্দের একাদশ তৈরি করেন। তেমনি বিশ্ব তারকাদের নিয়ে সর্বকালের সেরা ওয়ানডে একাদশ প্রকাশ করেছেন বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান । যেখানে অধিনায়কত্বের দায়িত্বে আছেন মহেন্দ্র সিং ধোনি। সাকিব নিজেকেও রেখেছেন তাঁর একাদশে।

 

ওপেনিংয়ের গুরুদায়িত্বে সাকিবের একাদশে আছেন কিংবদন্তী শচীন টেন্ডুলকার আর পাকিস্তানের সাঈদ আনোয়ার। ওয়ানডে ইতিহাসে সর্বোচ্চ রানের মালিক শচীন তো ক্রিকেট ঈশ্বর হিসেবেই পরিচিত, রানের ফুলঝুরি ছুটিয়েছেন ক্যারিয়ারজুড়ে। ওপেনিংয়ের পর তিন নাম্বার পজিশনে আছেন ক্যারিবিয়ান ক্রিস গেইল আর চারে আছেন তর্কসাপেক্ষে সময়ের সেরা ব্যাটসম্যান বিরাট কোহলি।

 

ক্যারিয়ারের বেশিরভাগ সময় ওপেনার হিসেবে খেললেও সাকিবের একাদশে গেইলের জায়গা হয়েছে তিনে। আর কোহলি তো ভারতের হয়ে রেকর্ডের পর রেকর্ড গড়েই চলেছেন, যেন এক রানমেশিন। কোহলির জায়গা পাওয়াটা তাই অনুমিতই ছিল।

পাঁচ নম্বরে জায়গা হয়েছে দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার জ্যাক ক্যালিসের। অনেক বিশ্লেষকের মতেই ক্রিকেট ইতিহাসের সর্বকালের সেরা অলরাউন্ডার ক্যালিস। এরপর ছয় নাম্বারে আছেন ধোনি। ক্রিকেট বিশ্বে সবচেয়ে সফল অধিনায়কদের মধ্যে একজন ধোনি। উইকেটকিপিং আর বিগ হিটিংয়েও ধোনি বেশ পারদর্শী। সাকিবের একাদশে কিপিংয়ের পাশাপাশি অধিনায়ক হিসেবেও থাকছেন তিনি।

এরপরের জায়গাটা সাকিব নিজের জন্যই রেখেছেন। সাত নম্বর পজিশনে থাকছেন সাকিব আল হাসান। ব্যাটে-বলে বাংলাদেশে অসংখ্য ম্যাচ জেতানো সাকিব প্রজন্মের সেরাদের কাতারেই আছেন। একজন পরিপূর্ণ ব্যাটসম্যান অথবা বোলার দুই ভূমিকাতেই অনায়াসে যারা দলে জায়গা পেয়ে যেতে পারেন সেই ক্রিকেটারদের ছোট্ট তালিকাতে অবশ্যই তিনি থাকবেন, সাকিবের জায়গা নিয়ে তাই প্রশ্ন তোলার কোনো সুযোগ নেই।

স্পিন বিভাগে দুই গ্রেট শ্রীলংকান মুত্তিয়া মুরালিধরন আর অস্ট্রেলিয়ান শেন ওয়ার্ন জায়গা পেয়েছেন। দুইজনই ক্যারিয়ারজুড়ে নিজেদের স্পিন ভেলকি দিয়ে নাচিয়ে ছেড়েছেন ব্যাটসম্যানদের। আর একাদশের বাকি দুই সদস্য দুইজন পেসার, ওয়াসিম আকরাম আর গ্ল্যান ম্যাকগ্রা। সুইংয়ের জন্য দারুণ বিখ্যাত ছিলেন ওয়াসিম আর ম্যাকগ্রার ছিল নিখুঁত এক্যুরেসি। সর্বকালের সেরা পেসারদের কাতারে অবশ্যই থাকবেন বিখ্যাত এই দুই ফাস্ট বোলার।

সাকিবের সর্বকালের সেরা একাদশ: শচীন টেন্ডুলকার, সাঈদ আনোয়ার, ক্রিস গেইল, বিরাট কোহলি, জ্যাক ক্যালিস, মহেন্দ্র সিং ধোনি, সাকিব আল হাসান, মুত্তিয়া মুরালিধরন, শেন ওয়ার্ন, ওয়াসিম আকরাম ও গ্লেন ম্যাকগ্রা।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »