গতি ও বাউন্স চায় সফরকারী কিউইরা

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

বাংলাদেশের কন্ডিশনে এশিয়ার বাইরের অন্যন্য দলগুলো নাকানিচুবানি খাওয়া, এটা নতুন কোনো গল্প নয়। তবে অস্ট্রেলিয়ার সাম্প্রতিক বাংলাদেশ সফর অন্য বাকি সব সিরিজের চেয়ে অনেকটাই এগিয়ে থাকবে। টাইগারদের সামনে এর আগে পরাশক্তির কোন দল এভাবে আত্মসমর্পণ করেনি।

বাংলাদেশে এসে এমন লজ্জাজনক হারের অস্বস্তিকর রেকর্ড নিউজিল্যান্ডেরও আছে । তবে টাইগারদের সাম্প্রতিক ফর্ম, অনভ্যস্ত কন্ডিশন আর অস্ট্রেলিয়ার তুলাধুনা হওয়ার রেকর্ড নিউজিল্যান্ডের জন্য একটু বেশিই দুশ্চিন্তার কারণ। যদিও এমন দুশ্চিন্তার মাঝেই বাংলাদেশকে ফাঁদে ফেলার পরিকল্পনা জাহির করছে কিউইরা।

তবে সেই পরিকল্পনায় কিউইরা চায় একটুখানি বাউন্স আর গতি। অস্ট্রেলিয়া সিরিজের দলে ছিলেন মিচেল স্টার্ক, জশ হ্যাজলউডের মত বিশ্বসেরা পেসাররা। মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলামরা মিরপুরের উইকেট থেকে ফায়দা লুটতে পারলেও পারেননি স্টার্ক-হ্যাজলউডরা। কিউইরা অবশ্য ফায়দা লুটতে চায়, সেজন্যই তাদের চাওয়া একটু গতি আর বাউন্স।

এ বিষয়ে সফরকারী দলের কোচ গ্লেন পকনাল বলেন, ‘উইকেট এখন খুব শক্ত। সাম্প্রতিক অস্ট্রেলিয়া সিরিজ থেকে আমরা ধারণা করতে পারি উইকেট কেমন হবে। কিন্তু ইতিহাস বলছে, এই উইকেট বৈচিত্র্যময় আচরণ করে। আমাদের যে কোন দৃশ্য দেখার জন্য প্রস্তুত থাকতে হবে।

নিউজিল্যান্ড দলের মূল শক্তির জায়গা হচ্ছে তাদের পেসাররা। তবে বাংলাদেশের উইকেটে এশিয়ার বাইরের পেসারদের কার্যকারিতা খানিকটা নেই বললেই চলে। এজন্য উইকেটের দিকেই তাকিয়ে আছে অতিথিরা।

পকনাল আরও বলেন, ‘অস্ট্রেলিয়া সিরিজের মত আমরা স্লো ও লো উইকেটের প্রস্তুতি নিচ্ছি। এমন উইকেটে আমরা অভ্যস্ত নই। যদি একটু বেশি গতি আর বাউন্স পাওয়া যায়, আমরা তাতেই অনেক খুশি থাকব।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »