নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
করোনা মহামারি উপেক্ষা করে বিদেশ সফরের ক্ষেত্রে অনেক কিছু মানিয়ে নিতে হচ্ছে ক্রিকেটীয় দলগুলোকে। বিশেষ করে করোনা সংক্রমণ থেকে দূরে থাকতে দুশ্চিন্তার বিষয় হয়ে দাঁড়াচ্ছে কোভিড প্রটোকল কেমন হবে সেই বিষয়টি। তবে এখন পর্যন্ত বাংলাদেশের কোভিড প্রটোকল দেখে বরাবরই স্বস্তি জানিয়েছে বিদেশি দলগুলো।
বিসিবি প্রেসিডেন্টস কাপ, বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ, ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের পাশাপাশি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এখন পর্যন্ত আয়োজন করেছে তিনটি আন্তর্জাতিক সিরিজ। সে ক্ষেত্রে বিশেষ সুবিধা দিয়েছে সফরকারীদল ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়াকে।
পাঁচ ম্যাচের টি টুয়েন্টি সিরিজ খেলতে বর্তমানে বাংলাদেশ সফরে আছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। সফরকারী দলের আতিথেয়তায় কতটা সন্তুষ্ট তা হয়ত জানা যাবে সিরিজের পর। তার আগে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, ওয়েস্ট ইন্ডিজ-অস্ট্রেলিয়ার মত এশিয়ার বাইরের দল মুগ্ধ বাংলাদেশের জৈব সুরক্ষা বলয় ব্যবস্থায়।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘এই পরিস্থিতির মধ্যেও বিসিবি যে ঘরোয়া ও আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করেছে তা নিয়ে বিশদ আলোচনা হয়। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল ভূয়সী প্রশংসা করে গেছে। ইংল্যান্ড থেকে বাংলাদেশ সফরে এসে তারা বলেছে, বাংলাদেশের বায়োবাবল নিরাপত্তা বিশ্বমানের।’
সফরের আগে একাদিক শর্ত জুড়ে দিয়ে আলোচনার জন্ম দেওয়া অজিরাও সন্তুষ্ট বাংলাদেশের আয়োজনে। পাপন বলেন, ‘পরশুদিনের আগের দিন (২৩ আগস্ট) অস্ট্রেলিয়ার বোর্ড আমাকে লিখিত দিয়েছে- দিস ইজ ওয়ার্ল্ড ক্লাস। তাদের ধারণাই ছিল না বাংলাদেশ এত সুন্দর করে খেলা আয়োজন করতে পারবে, পুরোপুরি বায়োবাবল ধরে রেখে।
‘আমরা ডিপিএলও খেলেছি ফাইভ স্টার হোটেলে রেখে বায়োবাবল তৈরি করে। এটা অত্যন্ত কঠিন কাজ। বাইরে থেকে বোঝা যায় কি না জানি না। একটা ভুলের জন্য সব ভেস্তে যেতে পারে।’– বলেন তিনি।
