নিউজিল্যান্ড সিরিজ খুব প্রতিদ্বন্দ্বিতা হবেঃ সোহান

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

অস্ট্রেলিয়া সিরিজে বাংলাদেশ দল সহজে জয় পেলেও নিউজিল্যান্ড সিরিজে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলে মনে করেছেন জাতীয় দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান নুরুল হাসান সোহান। এমনকি দলগতভাবে সবাই মিলে পারফর্ম করলে এই সিরিজও বাংলাদেশ জিতবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।

অস্ট্রেলিয়া সিরিজের পর সপ্তাহ দুয়েকের বিরতি দিয়ে টাইগাররা আবারো নিজেদের প্রস্তুত করছেন মাঠের লড়াইয়ের জন্য। এবার প্রতিপক্ষ নিউজিল্যান্ড।

সোহানের মতে, নিউজিল্যান্ড সিরিজ হবে অপেক্ষাকৃত বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। তিনি বলেন,’‘নিউজিল্যান্ড অবশ্যই ভালো দল। আমার কাছে মনে হয় খুব প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি সিরিজ হবে। দলগতভাবে খেললে আমাদের ভালো করার সম্ভাবনাই বেশি থাকবে। গত দুইটা সিরিজ আলহামদুলিল্লাহ খুব ভালো গেছে। আমরা দল হিসেবে খেলতে পেরেছি। ভালো করতে হলে এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই সিরিজেও এভাবে খেলতে পারলে ভালো করব।’’

মুস্তাফিজ-শরিফুলদের বোলিং ইউনিটের সঙ্গে সাকিব আল হাসানের নেতৃত্বে স্পিন বিভাগও ভালো করেছে। বোলিংয়ের এই ছন্দ নিউজিল্যান্ড সিরিজেও ধরে রাখার আহ্বান উইকেটরক্ষক-ব্যাটসম্যান সোহানের।

তার ভাষায়,”বোলিং ইউনিট হিসেবে আমরা খুব ভালো করেছি। মুস্তাফিজ তো অসাধারণ ছিল। সাকিব ভাই, শরিফুল, মেহেদী- সবাই খুব ভালো সাপোর্ট দিয়েছে, ভালো বোলিং করেছে। টিম হিসেবে খেলতে পেরেছি, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই জিনিস ধরে রাখতে পারলে ইনশাআল্লাহ্‌ আরও ভালো কিছু হবে।’’

দলের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করে সোহান জানান, একাদশে সুযোগ পাওয়ার জন্য প্রতিদ্বন্দ্বিতা থাকলেও প্রত্যেক ক্রিকেটারই দলের ভালো দেখতে মুখিয়ে আছেন। তিনি বলেন,’‘আমার কাছে মনে হয় বাংলাদেশ দলের ড্রেসিংরুমে এখন খুব ভালো একটা পরিবেশ আছে। আমরা ১৫-২০ জন বা যে কয়জনই থাকি, তারা সবাই চায় মাঠে যে ১১ জন খেলছে সবাই যেন ভালো করে। সবাই সবাইকে খুব সহায়তা করে, সাপোর্ট করে। দল হিসেবে ভালো করার জন্য এটা খুব গুরুত্বপূর্ণ।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »