নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
গেল বছর ফেব্রুয়ারিতে অনূর্ধ্ব-১৯ জাতীয় ক্রিকেটদলের মাধ্যমে বাংলাদেশ অর্জন করে ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় অর্জন। ক্রিকেটে তো বটেই, দেশের ক্রীড়া ইতিহাসেও যা ছিল প্রথম। অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের সেই বিশ্বজয়ের পরও তাদের নিয়ে আক্ষেপ রয়েছে নাজমুল হাসান পাপনের মনে।
বিশ্বকাপ জয়ী অনূর্ধ্ব-১৯ দলটি টানা খেলার মধ্যে ছিল, করেছে নিবিড় অনুশীলন ও ক্যাম্প। ফলে বিশ্বকাপ দলটির ধারাবাহিকতা ভাল ছিল। করোনার কারণে এবারের দলটির প্রস্তুতি আশানুরূপ হচ্ছে না। তাই আক্ষেপ পাপনের কণ্ঠে।
এ বিষয়ে তিনি বলেন, ‘সামনে যে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ হবে। এখনকার ছেলেদের জন্য তো কিছুই করতে পারলাম না। আগের ওদের জন্য যা করেছি তার কিছুই করতে পারলাম না। আগের দলটি ৩০টির মত ম্যাচ খেলেছে, ইংল্যান্ডে ওদের ক্যাম্প করিয়েছি, দলটি সারাক্ষণ খেলার মধ্যে ছিল। এখন তো কোনো বোর্ড খেলতে রাজি হচ্ছে না, জাতীয় দলই হচ্ছে না। আগের দলের সুযোগ-সুবিধা এই দলকে দিতে পারিনি কোভিডের জন্য।’
আকবর আলীর নেতৃত্বে যে দল বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছিল, তাদের জন্যও বেশি কিছু করতে পারেননি, দাবি বিসিবি সভাপতির। বিষয়টিকে বিসিবির ব্যর্থতা হিসেবেই দেখতে চান পাপন। তার দাবি, ‘বিশ্বকাপ জিতে যারা আসল তারা যে সুযোগ-সুবিধা পাওয়ার কথা, যে জায়গায় আজকে দেখতে পারার কথা, যে পর্যায়ে আসার কথা তা আমরা দিতে পারিনি। এটাও কোভিডের জন্য। এগুলো ব্যর্থতা। উন্নতির অনেক জায়গা আছে।’
তিনি আরও বলেন, আপনারা কেউ তো দ্বিমত করবেন না যে এখন পর্যন্ত বাংলাদেশের ক্রীড়াঙ্গনের সবচেয়ে বড় সাফল্য অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়। যত কিছুই করি না কেন, এটার সাথে কোনো কিছুরই তুলনা হয় না। যা যা ঋণী সেসব কাউন্সিলরদের সামনে বলেছিল। যেসব অর্জন ছিল তাও তুলে ধরেছি।’
