নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বাংলাদেশের মন্থর এবং টার্নিং উইকেটে খুব বেশি সাফল্য নেই নিউজিল্যান্ড দলের। ২০১০ সালে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে এসে ৪-০ তে হোয়াইটওয়াশ হয়েছিল কিউরা। সেবার নিউজিল্যান্ডের হয়ে অভিষেক হয়েছিল পেসার হামিশ বেনেটের।
সেই সময় ওয়ানডে সিরিজে ধবলধোলাই হলেও এবার বাংলাদেশের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জিতে দেশে ফিরতে চান ডানহাতি এই পেসার।
এ প্রসঙ্গে বেনেট বলেন,’‘এটা একটা ভিন্ন দল ভিন্ন কোচিং স্টাফ এসেছে। আমরা দল হিসেবে দেশের জন্য খেলতে চাই। বাংলাদেশে আমি আগেও এসেছি, সেবার আমরা ৪-০ ব্যবধানে হেরেছিলাম। আমাদের এখানে খুব বেশি সফলতা নেই।’’
তিনি আরও বলেন,”এটাই আমাদের জন্য বিশাল অনুপ্রেরণার জায়গায়। যদি ভালো করতে পারি তাহলে নিউজিল্যান্ড ফিরে বলতে পারব বাংলাদেশে আমরা একটা সিরিজ জিতে এসেছি। আপনি দেখেন অস্ট্রেলিয়া বা অন্য বড় দলের বাংলাদেশে কেমন সংগ্রাম করতে হয়েছে।’’
নিউজিল্যান্ড স্কোয়াডের এই দলে নেই বিশ্বকাপ দলের কোন সদস্য। নিউজিল্যান্ডের হয়ে খেলতে চাইলেও বিশ্বকাপ দলে সুযোগ না পাওয়ায় খানিকটা হতাশ বেনেট। বিশ্বকাপ দলে সুযোগ না পেয়ে হতাশ হলেও উপমহাদেশের কন্ডিশনে নিজেকে প্রমাণের বড় সুযোগ দেখছেন তিনি।
বেনেট বলেন,”এই বয়সে আমি নিউজিল্যান্ডের হয়ে খেলতে চাইব। বিশ্বকাপ দলে থাকতে না পারাটা হতাশার। আমি নিশ্চিত সব খেলোয়াড়ই এটা চায়। কাজেই আমিই একমাত্র না যে হতাশ। কিন্তু এটা একটা সুযোগ উপমহাদেশে নিজের সামর্থ্য প্রমাণের।’’
ডানহাতি এই পেসার আরও বলেন,’‘নিজের কাজটা করে রাখতে পারি। যদি মূল দলে কোন চোট বা অন্য কোন সমস্যা হয়, তখন সুযোগ মিলতে পারে। সেরকম হলে নামটা উপরের দিকে থাকবে ডাক পাওয়ার জন্য।”
