নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
আন্তর্জাতিক টি টুয়েন্টি ক্রিকেটে রেকর্ড গড়া অস্ট্রেলিয়ান পেসার নাথান এলিস এবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দল পেতে যাচ্ছেন। বাংলাদেশের বিপক্ষে টি টুয়েন্টি অভিষেকে হ্যাটট্রিক করে বিশ্বরেকর্ড গড়েন তিনি। সেপ্টেম্বরে আসন্ন আইপিএলের দ্বিতীয় পর্বের জন্য তাকে দলে নিতে আগ্রহ দেখিয়েছে তিনটি ফ্র্যাঞ্চাইজি।
বাংলাদেশের বিপক্ষে সিরিজের তৃতীয় ম্যাচে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় এলিসের। ৩.৩ ওভারে খরচ করেন ৩৪ রান। তারপরেই যেন রূপকথার গল্পের মতো বিশ্বরেকর্ডে উঠে যান এলিস। পরের তিন বলেই তিনটি উইকেট পান এই ডানহাতি পেসার। টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে প্রথম বোলার হিসেবে অভিষেকেই হ্যাটট্রিকের বিশ্বরেকর্ড গড়েন তিনি।
পরে সিরিজে আরও একটি ম্যাচ খেলার সুযোগ পান এলিস। পরের ম্যাচটিতে অবশ্য প্রথম ম্যাচের চেয়ে ভালো বোলিং করেন, নেন দুইটি উইকেট। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম দুই ম্যাচ শেষে তার শিকার মোট ৫টি উইকেট। বিগব্যাশ লিগে ভালো পারফর্ম করে জাতীয় দলে জায়গা করে নিয়েছিলেন এলিস। স্বীকৃত টি-টোয়েন্টিতে ৩৩ ম্যাচে তার শিকার ৩৮টি উইকেট। জাতীয় দলের পথ সুগম হতেই আইপিএলেও দল পেতে দেরি হলো না অস্ট্রেলিয়ান ক্রিকেটারের।
চলতি বছরের ফেব্রুয়ারি মাসে এই বছরের আইপিএলের নিলাম হয়েছিল। সেখানে অবিক্রিত ছিলেন এলিস। তার ভিত্তিমূল্য ২০ লাখ ভারতীয় রুপি। এপ্রিলে মাঠ গড়িয়েছিল আইপিএল। তবে করোনার প্রভাবে মে মাসের প্রথম সপ্তাহেই টুর্নামেন্টটি স্থগিত করে দেওয়া হয়েছিল। সেপ্টেম্বর-অক্টোবরে হবে বাকি ম্যাচগুলো। তবে বেশ কয়েকজন ক্রিকেটারকে দ্বিতীয় পর্বে পাবে না দলগুলো। তাই বিকল্প ক্রিকেটারদের দলে টানতে হচ্ছে।
এলিসকে কোন ফ্র্যাঞ্চাইজি দলে টেনেছে তা এখনো প্রকাশ করা হয়নি। তবে তিনটি দল তাকে নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছে। ধারণা করা হচ্ছে, সেই তালিকায় থাকতে পারে কলকাতা নাইট রাইডার্স, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, পাঞ্জাব কিংস ও রাজস্থান রয়্যালস।
