নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ইংল্যান্ডের কাউন্টি লিগ দ্য হান্ড্রেড খেলতে এখন ইংল্যান্ডে আছেন আফগান ক্রিকেটার রশিদ খান। সেখানে থাকা অবস্থায় নিজ দেশ আফগানিস্তানে অবস্থানরত পরিবারের নিরাপত্তা নিয়ে চিন্তিত ছিলেন রশিদ। এবং তা নিয়ে দুশ্চিন্তা প্রকাশ করেন তিনি। তবে আফগানিস্তানের সাবেক ব্যাটিং কোচ উমেশ পাটওয়াল ক্রিকেটারদের সাথে কথা বলে জানিয়েছেন, তারা সবাই নিরাপদে আছেন।
আফগানিস্তানের ক্ষমতার রদবদল হয়েছে। তালেবান বাহিনী প্রায় সম্পূর্ণ দেশ নিজেদের দখলে নেওয়ার পর দেশ ছেড়ে পালিয়ে যান প্রেসিডেন্ট আশরাফ গণি। তারপর প্রেসিডেন্ট ভবনসহ রাজধানী কাবুলও দখল করে নেয় তালেবানরা। দেশের এমন অস্থিতিশীল অবস্থার সময়ে রশিদ তার দুশ্চিন্তার কথা জানান সাবেক ইংলিশ ক্রিকেটার কেভিন পিটারসেনকে। যা পরবর্তীতে পিটারসেনের সুবাদে জেনেছে পুরো বিশ্ব।
তার আগে সামাজিক যোগাযোগমাধ্যমেও এই বিষয়ে বার্তা দেন রশিদ ও মোহাম্মদ নবী। এবং বিশ্ব নেতাদের সাহায্য প্রার্থনা করেছিলেন তারা। রশিদের চাওয়া শুধু দেশে শান্তি ফিরে আসুক। তালেবান দখল নেওয়ার পর দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিতের দায়িত্ব নিয়েছে। সাধারণ মানুষ স্বাভাবিক জীবনযাত্রায় ফিরেছে পরের দিনই। কিন্তু কিছু মানুষ এখনো শঙ্কিত আছে।
আফগানিস্তানের এমন পরিস্থিতিতে সাবেক শিষ্যদের নিয়ে দুশ্চিন্তায় পড়েছিলেন উমেশ। নবী, রশিদ, সামিউল্লাহ শিনওয়ারি, ও হযরতউল্লাহ জাজাইয়ের সাথে যোগাযোগ করেন তিনি। জানতে চান আফগানিস্তানে তাদের পরিবার কেমন আছে। আফগানিস্তান ক্রিকেট দলের এই চার ক্রিকেটারই উমেশকে জানিয়েছেন তাদের পরিবার সম্পূর্ণ নিরাপদে আছে।
উমেশ ভারতীয় একটি গণমাধ্যমে জানান, ‘সামিউল্লাহ শিনওয়ারি, হযরতউল্লাহ জাজাই, মোহাম্মদ নবী ও রশিদ খানের সাথে আমি কথা বলেছি। কারো পরিবারই আতঙ্কে নেই, সবাই নিরাপদে আছে। আমিও এক সময় কাবুলে ছিলাম। আমি তখন শুনেছিলাম তালেবান ক্রিকেট ও ক্রিকেটারদেরকে ভালোবাসে।’
