নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বিগত সিরিজগুলো তে তরুণরা নজরকাড়া পারফরম্যান্স করলেও বিশ্বকাপ স্কোয়াডে অভিজ্ঞদেরই প্রাধান্য দেওয়া উচিৎ বলে মনে করছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। একইসাথে বিশ্বকাপের আগে খেলোয়াড়দের যথেষ্ট আত্মবিশ্বাস অর্জনের প্রতি গুরুত্বও দিয়েছেন তিনি।
টেস্ট ও ওয়ানডের তুলনায় টি-টোয়েন্টিতে তরুণদের আধিপত্য বেশি দেখা যায়। জিম্বাবুয়ে ও অস্ট্রেলিয়ার বিপক্ষে সবশেষ দুই সিরিজে সিনিয়র ও নিয়মিত ক্রিকেটারদের অনুপস্থিতিতে দলের হাল ধরেছিলেন তরুণরা। সুযোগ পেয়ে তরুণরা আস্থার প্রতিদানও দিয়েছেন। তবে ক্রিকেটার আশরাফুল মনে করছেন, বিশ্বকাপের মূল স্কোয়াডে অভিজ্ঞদেরই বেশি মূল্যায়ন করা উচিৎ।
এ বিষয়ে তিনি বলেন, ‘মূল স্কোয়াডে অভিজ্ঞতাকেই প্রাধান্য দেওয়া উচিৎ। অনেকেই মনে করছেন অস্ট্রেলিয়া সিরিজে সবাই অনেক ভালো খেলেছে, কিন্তু ক্রিকেটাররা সেভাবে নিজেদের প্রকাশ করতে পারেনি। আরও ভালো খেলা উচিৎ যদি ভালো দল হতে হয়। লিটন দলে আসবে। হয়ত অস্ট্রেলিয়ার সাথে খেললে তাকেও সংগ্রাম করতে হত। মুশফিক থাকলে প্রতি ম্যাচে ১৫-২০ রানের কমতি হত না।’
ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশ যেভাবে সমীহ আদায় করতে সক্ষম হয়েছে, সেরকম দেখা যায়নি টি-টোয়েন্টিতে। স্বভাবতই এই ফরম্যাটে সমর্থকদের প্রত্যাশার চাপও কম। এই কম চাপকেই দলের ভালোর জন্য কাজে লাগানোর আহ্বান আশরাফুলের।
তিনি বলেন, ‘টি-টোয়েন্টিতে আমাদের আত্মবিশ্বাস একটু কম ছিল। গত দুই সিরিজ জিতে এবং খেলোয়াড়দের ব্যক্তিগত পারফরম্যান্সে বিশেষ করে বোলারদের পারফরম্যান্সে আত্মবিশ্বাস অনেক বেড়েছে। এই ফরম্যাটে আমাদের প্রত্যাশা এত বেশি নেই। কেউ আশা করছি না বাংলাদেশ বিশ্বকাপ জিতবে। আমরা ভালো ক্রিকেট আশা করি। যেহেতু চাপ থাকবে না, চাপ ছাড়া খেললে ভালো করার সম্ভাবনাই বেশি।’
