নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ইংল্যান্ডের বিপক্ষে চলমান টেস্ট সিরিজে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির অতিরিক্ত উদযাপন নিয়ে চলছে সমালোচনা। স্লেজিংয়ের ক্ষেত্রেও কোহলি সবচেয়ে বেশি বাজে ভাষা ব্যবহার করেন এমন অভিযোগ করেছেন সাবেক ইংলিশ ক্রিকেটার নিক কম্পটন।
দ্বিতীয় ম্যাচের শেষদিনে উত্তেজনা ছড়ায় এ টেস্টে। প্রথম ইনিংসে পিছিয়ে থাকলেও শেষ দিনে মোহাম্মদ সিরাজের বোলিং তোপে জয় নিয়ে মাঠ ছাড়ে ভারত।
দ্বিতীয় ম্যাচেও বেশ কয়েকবার উত্তপ্ত বাক্য বিনিময় হয়। ম্যাচ জয়ের পরে তো লোকেশ রাহুল ও বিরাট কোহলি বলেছিলেন, মাঠের ভেতরের কথার লড়াই তাদেরকে তাঁতিয়ে দিয়েছিল এবং সেই জিদের বশেই জয় পেতে আরও মরিয়া হয়ে উঠেছিল কোহলির দল।
এ নিয়ে সাবেক ইংলিশ ক্রিকেটার কম্পটন করলেন এক বেফাঁস মন্তব্য। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে কম্পটন লেখেন, ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি অশ্রাব্য ভাষা ব্যবহার করেন কোহলি। ২০১২ সালের ঘটনা উল্লেখ করেন কম্পটন। সেই সাথে শচীন টেন্ডুলকার, কেন উইলিয়ামসন, জো রুটদের শালীনতা নিয়েও প্রশংসা করেছেন তিনি।
কম্পটন লেখেন,”ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বাজে ভাষা ব্যবহার করেন কোহলি। আমি তো কোনোদিনও ভুলব না, ২০১২ সালে কোহলি আমাকে কী অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেছিল। তার এই আচরণ দেখে স্তব্ধ হয়ে গিয়েছিলাম, আমার মনে হয়েছিল এমন ব্যবহার করে সে নিজেই নিজেকে ছোট করছে। এই আচরণ আবার মনে করিয়ে দেয় যে, রুট, টেন্ডুলকার, উইলিয়ামসনরা কত ভদ্র ক্রিকেটার।”
