নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
জাতীয় দলের হয়ে ২০১৮ সালে অভিষেক হয় সাদমান ইসলামের। এরপর টেস্ট দলে ইতোমধ্যেই থিতু হয়েছেন এই ওপেনার। তবে টেস্টের সীমানা ছাড়িয়ে সাদমান এবার খেলতে চান সাদা বলের ক্রিকেটেও।
ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে জায়গা পাওয়ার জন্য বর্তমানে সাদমান নিজেকে প্রস্তুত করছেন। নিজের সব ঘাটতি খুঁজে বের করে অনুশীলন করছেন নিয়মিত।
সাদমান বলেন,’‘সব ফরম্যাটে খেলার ইচ্ছে তো থাকেই। এখন যেমন অফ সিজন আছে, আমি চেষ্টা করছি আমার কোথায় ঘাটতি সেটা ধরার। কীভাবে নিজেকে উপরের দিকে নেওয়া যায় এটা নিয়েই কাজ করতেছি। আশা করি ভালো পারফর্ম করলে নিজেকে ঐ জায়গায় নিয়ে যেতে পারব।’’
সীমিত ওভারের ক্রিকেটে নিজে দলে না থাকলেও সতীর্থদের খেলা সবসময় দেখেন সাদমান। অস্ট্রেলিয়ার বিপক্ষে দলের সাম্প্রতিক সাফল্যে উচ্ছ্বসিত তাই তিনিও।
সাদমান জানান,’‘আমাদের গত সিরিজটা ভালো হয়েছে। সবাই খুব ভালো ফর্মে আছে। আশা করি নিউজিল্যান্ড সিরিজেও সবাই এরকম ফর্মে থাকবে এবং ভালো একটা সিরিজ শেষ করবে।’’
সাদমান নিজেও জানেন, সীমিত ওভারের দলে তাকে খেলতে হলে কঠিন প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে যেতে হবে তাকে। সিনিয়র ও তরুণদের নিয়ে সীমিত ওভারের দল যে দারুণ ফর্মে আছে!
তিনি বলেন,”অস্ট্রেলিয়ার মত দলের সাথে আমরা আমাদের দেশে ভালো একটা সিরিজ জিতলাম। পারফরম্যান্স বেশ ভালো, আমাদের ভাইয়ারা এবং তরুণ যারা আছে, সবাই যেরকম পারফর্ম করেছে তা তো অবশ্যই ভালো। আর এই সিরিজ জয়টা বিশ্বকাপে আমাদের খুব কাজে দিবে। আশা করি সামনে নিউজিল্যান্ড সিরিজেও আমরা ভালো খেলব।’’
