নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেললে মুস্তাফিজুর রহমানের মতে আন্তর্জাতিক ক্রিকেটে আত্মবিশ্বাস পেতে এবং ভালো পারফর্ম করতে সাহায্য করে।
সানরাইজার্স হায়দরাবাদের হয়ে প্রথম আসরেই সবাইকে মুগ্ধ করে আসরের সেরা উদীয়মান খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন এই পেসার। এরপর মুম্বাই ইন্ডিয়ান্স ঘুরে এখন রাজস্থান রয়্যালসে খেলছেন মুস্তাফিজ। চলতি বছরে এপ্রিলে আয়োজিত আইপিএলের প্রথম অংশেও দুর্দান্ত বোলিং করে অর্জন করেছেন প্রশংসা।
ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজকে দেওয়া সাক্ষাৎকারে মুস্তাফিজ বলেন,’‘নিউজিল্যান্ড সিরিজ, আইপিএল ও টি-টোয়েন্টি বিশ্বকাপে ভালো করতে আমি আত্মবিশ্বাসী, কারণ আমি এখন ছন্দে আছি। আমার মনে হয়, আইপিএলে খেলা আন্তর্জাতিক ক্রিকেটে পারফর্ম করতে সহায়তা করে। কারণ সেখানে আপনি সব সেরা খেলোয়াড়দের বিপক্ষে খেলেন এবং সেখানে ভালো করতে পারলে আন্তর্জাতিক ক্রিকেটেও ভালো করা সহজ হয়ে যায়।’’
মুস্তাফিজের মতে আগামী মাসে অনুষ্ঠিত হতে যাওয়া আইপিএলের দ্বিতীয় অংশে ভালো করতে পারলে আত্মবিশ্বাস নিয়েই বিশ্বকাপে যেতে পারবেন তিনি।
মুস্তফিজের ভাষায়,”বিশ্বের সেরা খেলোয়াড়রা এই টুর্নামেন্টে (আইপিএল) খেলে, তাই স্বাভাবিকভাবেই সেখানে সফল হলে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। আমি নিশ্চিত আমার ক্ষেত্রেও তাই হবে। আমি যদি আইপিএলে ভালো করতে পারি তাহলে সেই আত্মবিশ্বাস নিয়েই বিশ্বকাপে যেতে পারব।’’
রাজস্থান রয়্যালসে নিজের অভিজ্ঞতা সম্পর্কে মুস্তাফিজ বলেন,”রাজস্থানের কোচ সিধ লাহিড়ী আমাকে অনেক সাহায্য করেছেন। বাকি সবাইও বিভিন্ন পরামর্শ দিয়েছেন। আসলে আমি সবসময় শেখার জন্য মুখিয়ে থাকি এবং অনেক অনেক ছোট ছোট পরামর্শও গুরুত্বপূর্ণ সময়ে পরিস্থিতি সামলাতে সাহায্য করে।”
