আফগানিস্তান ক্রিকেট বোর্ডের নতুন চেয়ারম্যান ফাজলি

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

‌আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) চেয়ারম্যান পদে রদবদল হয়েছে। তালেবান ক্ষমতায় আসার পরে আফগানিস্তানের ক্রিকেট নিয়ন্ত্রণে রেখেছে তারা। তারই ধারাবাহিকতায় আফগানিস্তান ক্রিকেটের গুরুদায়িত্ব পুনরায় তুলে দেওয়া হয়েছে আজিজুল্লাহ ফাজলির হাতে। তিনি আগেও এসিবির চেয়ারম্যান পদে দায়িত্ব পালন করেছিলেন।

‌২০১৮ -২০১৯ বিশ্বকাপ পর্যন্ত আফগানিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছিলেন ফাজলি। ২০১৯ সালে আইসিসি ক্রিকেট বিশ্বকাপের পর তাকে পদচ্যুত করা হয়। ফাজলির স্থলাভিষিক্ত করা হয়েছিল ফারহান ইউসুফজাইকে। এখন আবার ফারহানকে পদচ্যুত করে ফাজলির হাতে দায়িত্ব ফিরিয়ে দেওয়া হয়েছে।

‌এসিবির সংবিধান অনুযায়ী, আফগানিস্তানের রাষ্ট্রপতিই এসিবির প্রধান পৃষ্ঠপোষক। বোর্ডের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন চেয়ারম্যান এবং প্রধান নির্বাহী (সিইও) ক্রিকেট অপারেশন্স এবং ক্রিকেট প্রশাসনের সকল দায়িত্ব পালন করেন। বর্তমানে প্রধান নির্বাহীর দায়িত্ব আছেন হামিদ শিরওয়ানী। কেন্দ্রীয় দায়িত্ব মূলত তিনিই পালন করেন।

 

‌ফাজলি নতুন দায়িত্ব নেওয়ার পরে তার প্রথম চ্যালেঞ্জ শ্রীলঙ্কার মাটিতে পাকিস্তানের বিপক্ষে সিরিজ আয়োজন। ভারতে করোনাভাইরাসের অধিক প্রকোপ এবং ওমান ও সংযুক্ত আরব আমিরাতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আয়োজিত হতে যাওয়ায় এই তিন দেশে আফগানিস্তানের সিরিজ আয়োজন করা সম্ভব হচ্ছে না। আগে এই তিন দেশকে হোম ভেন্যু হিসেবে ব্যবহার করেছে আফগানরা।

‌এবার নতুন দেশ হিসেবে শ্রীলঙ্কায় নিজেদের হোম সিরিজ আয়োজন করবে এসিবি। আগামী ১ সেপ্টেম্বর থেকে ৫ সেপ্টেম্বরের মধ্যে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ অনুষ্ঠিত হবে। সবগুলো ম্যাচই আয়োজিত হবে হাম্বানটোটায়।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »