নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ভারতের বিপক্ষে লর্ডস টেস্টের চতুর্থ দিনে ইনজুরিতে পড়েছিলেন মার্ক উড। সেই চোট নিয়েই শেষ দিন বোলিং করেছিলেন ইংলিশ এই পেসার। চোট গুরুত্বর না হলেও হেডিংলি টেস্টে তার খেলা নিয়ে শঙ্কা রয়েছে বলে জানিয়েছেন ক্রিস সিলভারউড।
ইংল্যান্ডের প্রধান কোচ জানিয়েছেন, উডের ইনজুরির ব্যাপারে এখনই সব বলতে পারছেন না মেডিকেল টিম। তাঁর শারীরিক অবস্থার উপর নির্ভর করছে পরবর্তী টেস্ট তিনি খেলতে পারবেন কি না। হেডিংলি টেস্টের আগে তিনি পুরো ফিট না হলে, সেই টেস্টে তার মাঠে নামার সম্ভাবনা নেই।
উডের কাধেঁর চোট প্রসঙ্গে সিলভারউড বলেন,”মেডিকেল টিম তাকে নিয়ে কাজ করছে। আগামী দুই দিনের মধ্যে আমরা বিস্তারিত জানাতে পারব। মেডিকেল টিম ও তার সাথে কথা বলেই আমরা সময় মতো সিদ্ধান্ত নেব। যদি সে যথেষ্ট ফিট না থাকে তাহলে খেলবে না। আমরা তার দিকে নজর রাখছি।’’
ইনজুরিতে থাকলে প্রতি ঘণ্টায় প্রায় ৯০ মাইল বেগে বল করেছেন উড। দলের প্রতি তার এই ভালবাসায় মুগ্ধ হয়েছেন ইংলিশদের প্রধান কোচ।
সিলভারউড বলেন,’‘সে দলের জন্য কাঁধে ব্যাথা নিয়ে ঘন্টায় ৯০ মাইল গতিতে বল করার চেষ্টা করেছে। এটা প্রমাণ করে যে, সে দলের প্রতি কতটা দায়িত্বশীল। ইংল্যান্ডের হয়ে খেলতে কতটা আগ্রহী এবং ক্রিকেটের প্রতি তার কত আবেগ। এটা দুর্দান্ত প্রচেষ্টা ছিল। সে যা করেছে তার জন্য আমি গর্বিত।”
তিনি আরও বলেন,”সে লর্ডস টেস্টে খেলতে তার সর্বোচ্চটা দিয়ে প্রস্তুত হয়েছে এবং তাকে ফিট হতে আমি সবধরনের সুযোগ দিয়েছি। কিন্তু এই সময়ে এটা গুরুত্বপূর্ণ যে, আমরা উডির (মার্ক উড) দেখাশোনা করছি। সে গুরুত্বপূর্ণ ক্রিকেটার। আপনি যখন আর্চার ও স্টোনের মতো পেসারকে হারাবেন, তখন অন্তত একজন লাগবে যে জোরে বল করতে পারে।”
