নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ক্যারিয়ারে খেলেছেন মাত্র তিন ম্যাচ। আর এতেই আইসিসির শাস্তির মুখোমুখি হতে হলো ক্যারিবিয়ান পেসার জাইডেন সিলসকে। মাত্র ১৯ বছর বয়সী এই পেসার ম্যাচ চলাকালীন সময়ে অকথ্য ভাষা ব্যবহার করে নামের পাশে একটি ডিমেরিট পয়েন্ট কুড়িয়েছেন।
পাকিস্তানের বিপক্ষে ম্যাচ চলাকালীন এই কান্ড ঘটিয়েছেন তিনি। তবে তার দল কেমার রোচের ব্যাটে জয় পেয়েছে ১ উইকেটে।
জয় উদযাপন করার আগেই অবশ্য সিলস শুনেছেন তার শাস্তির কথা। পাকিস্তানের প্রথম ইনিংসে ৭০তম ওভারে বোলিং করছিলেন সিলস। তার বলে কাইল মেয়ার্সের হাতে ক্যাচ তুলে দেন হাসান। উইকেটটি উদযাপন করার সময় অশ্লীল ভাষা ব্যবহার করেন সিলস। যেটি আইসিসির আচরণবিধির পরিপন্থী।
ম্যাচ শেষে রেফারি রিচি রিচার্ডসন আইসিসির ২.৫ ধারা ভঙ্গের অভিযোগ আনেন সিলসের বিরুদ্ধে। ১৯ বছর বয়সী এই পেসার মেনে নেন ম্যাচ রেফারির অভিযোগ। ফলে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি। শাস্তি হিসেবে সিলসকে তিরস্কার করা হয়েছে এবং তার নামের পাশে যোগ করা হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট।
