নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
চলতি মাসেই বাংলাদেশ সফরে আসছে নিউজিল্যান্ড জাতীয় দল। এবার অজিদের মত সুযোগ-সুবিধা চায় নিউজিল্যান্ড ক্রিকেট দল। কোভিডের জন্য সব ধরণের কড়া প্রটোকোল চায় তারা।
আগামী মাসেই টাইগারদের বিপক্ষে পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলবে নিউজিল্যান্ড জাতীয় দল। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন জানিয়েছেন, নিউজিল্যান্ডও অস্ট্রেলিয়ার মত কঠিন বায়োবাবল ব্যবস্থা চাইছে।
তিনি বলেন,’‘যেহেতু ব্যাক টু ব্যাক সিরিজ হচ্ছে… আর ব্যবস্থাপনার দিক থেকে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড দুই দলই প্রায় একই ঘরানার। তাই তাদের চাহিদা হল অস্ট্রেলিয়াকে যে ধরনের বায়োবাবল পরিবেশ দেওয়া হয়েছিল তাদেরও তা দেওয়ার জন্য বারবার বলছে। আমরাও চেষ্টা করছি একই রকমের বায়োবাবল পরিবেশ রাখার।’’
কঠোর বায়োবাবলের প্রশ্নে বিসিবিও আপোষহীন। খরচ বাড়লেও তাতে সুরক্ষা পাবে স্বাগতিক দলও। প্রধান নির্বাহী জানান,”এটা শুধু অস্ট্রেলিয়া বা নিউজিল্যান্ড দলেরই না, আমাদের দলের ক্ষেত্রেও নিরাপদ থাকার ব্যাপার রয়েছে। সবকিছু বিবেচনা করে যতটুকু ভালো সম্ভব, সম্পূর্ণ বায়োবাবল তৈরি করে সিরিজ আয়োজন করব।’’
বিসিবি অবশ্য সফরকারী খেলোয়াড়দের নিরাপদে রেখেই ইমিগ্রেশনসহ সব কার্যক্রম সম্পন্ন করার আশ্বাস দিয়েছে।
সুজন বলেন,’‘কিছু পরিবর্তন তো আছেই। অস্ট্রেলিয়া কিন্তু চার্টার্ড ফ্লাইটে এসেছিল, নিউজিল্যান্ডের পরিকল্পনা কমার্শিয়াল ফ্লাইটে আসার। সেক্ষেত্রে কিছুটা পরিবর্তন তো আসবেই। যেহেতু তারা কমার্শিয়াল ফ্লাইটে আসছে তাই ইমিগ্রেশন বা অন্যান্য প্রক্রিয়া অস্ট্রেলিয়ার মত হবে না। তাও চেষ্টা থাকবে পাবলিক কন্ট্রাক্ট যথাসম্ভব কমিয়ে যেন হোটেলে আনা যায়।”
