সিনিয়রদের মতো তরুণদেরও ধারাবাহিকতা চান আকরাম খান

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

জাতীয় দলের সিনিয়র পাঁচ ক্রিকেটারের মত জুনিয়ররাও নিয়মিত পারফর্মার হয়ে উঠবেন বলে মনে করেছেন সাবেক অধিনায়ক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান। অস্ট্রেলিয়া সিরিজে দলীয় পারফরম্যান্সে পাওয়া জয়ে স্বস্তি প্রকাশ করেছেন তিনি।

ঘরের মাঠেঅস্ট্রেলিয়ার বিপক্ষে ৪-১ ব্যবধানে সিরিজ জয়ের বাংলাদেশ দলে ছিলেন না সিনিয়র দুই ক্রিকেটার তামিম ইকবাল ও মুশফিকুর রহিম। ছিলেন না নিয়মিত ওপেনার লিটন দাসও। তাদের জায়গায় যারা খেলেছেন, প্রত্যেকেই তরুণ এবং অপেক্ষাকৃত নতুন।

আকরাম খানের প্রত্যাশা, নতুন ক্রিকেটাররা সিনিয়র ক্রিকেটারদের মত ধারাবাহিক পারফরম্যান্স দেখাতে সমর্থ হবেন।

এ বিষয়ে তিনি বলেন, ‘রিলিফ বলব না। জুনিয়রদের উচিৎ সিনিয়রদের অনুসরণ করা। ১৫-১৬ বছর খেলা সহজ বিষয় নয়। সাকিব, মুশফিক, রিয়াদ, তামিম এরা নিজেকে একটা পর্যায়ে নিয়ে গেছে। ওরাও আফিফ শামীমের পর্যায়ে ছিল। একই জিনিস অন্য খেলোয়াড়দের কাছ থেকেও চাই। ওদের ধারাবাহিকতা সবসময় ছিল যা জুনিয়রদের মধ্যে পাচ্ছি না। এটা চিন্তার বিষয়। ধারাবাহিকতা চলে আসলে বাংলাদেশ দল অনেক ভালো করবে।’

আকরাম মনে করেন, অস্ট্রেলিয়ার বিপক্ষে দলগত পারফরম্যান্স দেখাতে সক্ষম হয়েছে বলেই সিরিজ জিতেছে টাইগাররা। বিশেষ করে ক্রিকেটারদের হার না মানা মানসিকতা মুগ্ধ করেছে তাকে।

আকরাম আরও বলেন, ‘আমরা দল হিসেবে খেলেছি। নির্দিষ্ট ২-১ জনের ওপর নির্ভর করে খেলিনি। যে যখনই এসেছে ভালো করার চেষ্টা করেছে। চতুর্থ ম্যাচে রান বাকি ৩ বা ৪, এর মধ্যে শামীম মিড অফে দুর্দান্ত একটা ক্যাচ ধরেছে এবং মিড অফে সম্ভবত মেহেদী ফিল্ডিং করেছে দুর্দান্ত। এই মনোভাব আমরা পছন্দ করি। এই মনোভাব থাকলে যেকোনো দলের বিপক্ষে যেকোনো সময় জিততে পারবেন।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »