নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ের পর টাইগারদের লক্ষ্য এখন নিউজিল্যান্ড সফর। চলতি মাসে বাংলাদেশে এসে সেপ্টেম্বরে স্বাগতিকদের বিপক্ষে পাঁচটি টি-টোয়েন্টি খেলবে নিউজিল্যান্ড। বাংলাদেশের মাটিতে নিউজিল্যান্ডের অতীত রেকর্ড বড্ড খারাপ। তার উপর কিনা নিউজিল্যান্ডের দ্বিতীয় সারির দল আসছে বাংলাদেশে। বিশ্বকাপের স্কোয়াডে থাকা কাউকেই পাঠাচ্ছেনা কিউইরা। কিউইদের দল ঘোষণার পর দুই দলের লড়াই নিয়ে তাই আগ্রহ হারিয়েছেন অনেকে।
এই দলের বিপক্ষে অনেকে হেসেখেলে হারানো কিংবা হোয়াইটওয়াশ ছাড়া কিছুই ভাবছেন না। তবে বিসিবি পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুসের সতর্কতা নিউজিল্যান্ডকে যেন হালকাভাবে দেখা না হয়।
জালাল বলেন, ‘আমরা নিউজিল্যান্ডের বিপক্ষেই খেলবো। দিনশেষে তারা নিউজিল্যান্ড জাতীয় দলই। কারা আসছে এটা বিষয় নয়। আমরা নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবো এবং মাইন্ডসেট ওরকমই থাকবে।’
অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ের পর নিউজিল্যান্ডকে হালকা ভাবে না নিতেই জালাল ইউনুসের পরামর্শ। তবে নিউজিল্যান্ড সিরিজেও সফলতা ধরে রাখতে আশাবাদী তিনি।
তিনি বলেন, ‘ক্রিকেটে শতভাগ নিশ্চয়তা দিয়ে কোনো কিছু বলা যায় না। আমরা এই সিরিজে ভালো খেলেছি, আগামী সিরিজে ভালো খেলব এর গ্যারান্টি নেই। শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের বিপক্ষে ভালো খেলার পর অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজটি ঐতিহাসিক জয়, এতে কোনো সন্দেহ নেই। এতগুলো সাফল্যের পর নিউজিল্যান্ড সিরিজও সফল হবে, আশা রাখি’
