নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে ১০ই সেপ্টেম্বরের মধ্যে দল ঘোষনার সময় নির্ধারণ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এবং দল হতে হবে ১৫ সদস্যের। সেই সঙ্গে ৮ জন করে কোচিং স্টাফ বা কর্মকর্তা নেওয়ার সিদ্ধান্ত বেধে দিয়েছে ক্রিকেটের এই নিয়ামক সংস্থা। করোনা মহামারির ফলে কোনো ব্যাকআপ ক্রিকেটার নেয়ার সুযোগ দেয়নি আইসিসি। যদি বাড়তি কোনো ক্রিকেটার বা কর্মকর্তা দলের সঙ্গে থাকে তাহলে এর ব্যয়ভার বহন করতে হবে সংশ্লিষ্ট বোর্ডকেই।
আইসিসির এমন নিয়মে হতাশা প্রকাশ করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। তিনি মনে করেন করোনা পরিস্থিতির কারণে বিকল্প ক্রিকেটার রাখার সুযোগ দেয়ার প্রয়োজন ছিল।
জালাল ইউনুস বলেছেন, ‘অবশ্যই কম, আমার মনে হয়। মহামারীর কারণে তাদের অন্য নিয়ম থাকা উচিৎ ছিল, ব্যাকআপ খেলোয়াড় নেওয়ার নিয়ম রাখা উচিত ছিল।’
তিনি আরও বলেন, ‘বাড়তি খেলোয়াড় নিলে নিজ নিজ খরচে নিতে হবে। সেটা করতে হচ্ছে। মহামারীর জন্য আরও ১-২ বছর দেখা উচিত এবং স্কোয়াড আরও বড় রাখা হলে ভালো হত। তবে সুযোগ আছে, আপনি নিজের খরচে নিয়ে যেতে পারবেন।’
আগামী ১৭ অক্টোবর থেকে আরব আমিরাত ও ওমানে শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এই বিশ্ব আসরের বাছাই পর্বে ‘বি’ গ্রুপে ওমান, পাপুয়া নিউগিনি ও স্কটল্যান্ডের বিপক্ষে খেলবে বাংলাদেশ।
