নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
গেল মাসে জিম্বাবুয়ে সফরের পরই হাঁটুর চোটে পড়েন ওপেনার তামিম ইকবাল। এরপরই দুই মাসের জন্য মাঠের বাইরে চলে গেছেন তিনি। তবে আসন্ন নিউজিল্যান্ড সিরিজেই বাঁহাতি এই ওপেনারকে ফেরানোর পরিকল্পনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এরই মধ্যেই তামিমের শেষ হয়েছে চার সপ্তাহের পুনর্বাসন প্রকিয়া। পুরোপুরি ফিট না হলেও এই সিরিজে তামিম খেলতে পারেন বলে জানিয়েছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।
তিনি বলেন,”আমাদের স্কোয়াডে যেহেতু নতুন, পুরনো খেলোয়াড়েরাও যুক্ত হচ্ছে। এখানে মুশফিক, লিটন আসবে, শোনা যাচ্ছে হয়তো তামিম ইকবালও… ফিটনেসেরও থাকার ব্যাপার আছে। যদি ঠিক থাকে সেও কন্টাক করার চেষ্টা করছে যতটুকু আমি কথা শুনেছি।”
বাংলাদেশের বিপক্ষে সিরিজের জন্য দ্বিতীয় সারির দল ঘোষণা করে আলোচনায় রয়েছে নিউজিল্যান্ড দল। আসন্ন বাংলাদেশ সফরে দলটির সঙ্গে আসছেন না কোনো বিশ্বকাপ স্কোয়াডের কোনো ক্রিকেটার। কিউইদের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি শুরু হবে ১ সেপ্টেম্বর। পরের চারটি ম্যাচ যথাক্রমে ৩, ৫, ৮ ও ১০ সেপ্টেম্বর।
