নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে ৫ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বর্তমানে দেশটিতে অবস্থান করছে ভারত। সেখানে পৌছে অনুশীলন করতে গিয়ে ইনজুরির কবলে পরেন শুভমান গিল এবং ওয়াশিংটন সুন্দর। পরে এই দুই ক্রিকেটারের পরিবর্তে সূর্যকুমার যাদব এবং পৃথ্বী শ্বকে স্কোয়াডে যোগ করে ভারতের টিম ম্যানেজমেন্ট।
একই সময় শ্রীলঙ্কার বিপক্ষে টি টুয়েন্টি সিরিজ খেলতে ভারতের একটি দল শ্রীলঙ্কায় অবস্থান করছিল। সেই দলের সঙ্গে ছিলেন সূর্যকুমার এবং পৃথ্বী। কিন্তু সেখানে করোনা পজিটিভ হন অলরাউন্ডার ক্রুনাল পান্ডিয়া।
তার সংস্পর্শে থাকা ৮ ভারতীয় ক্রিকেটার কে আইসোলেশনে পাঠানো হয়েছিল। ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট দলে ডাক পাওয়া পৃথ্বী এবং সূর্যকুমার ছিলেন এই ৮ জনের তালিকায়। তাই তাদের শ্রীলঙ্কায় আইসোলেশনে থাকতে হয়েছে। তবে আইসোলেশন শেষে এই দুই ক্রিকেটার গত ৩ আগস্ট শ্রীলঙ্কা থেকে সরাসরি ইংল্যান্ডে পৌছান। সেখানে পৌছে আবারও নিয়ম অনুযায়ী ১০ দিনের কোয়ারেন্টিন পালন করতে হয় তাদের।
বিসিসিআই এক বিবৃতিতে জানিয়েছে কোয়ারেন্টিন পর্ব শেষে গত ১৩ আগস্ট অনুশীলনে যোগ দিয়েছেন পৃথ্বী এবং সূর্যকুমার। কোয়ারেন্টিনে থাকাকালীন সময়ে তাদের দুই দফায় কোভিড পরীক্ষা করা হয়েছে।
উভয় পরীক্ষার ফলাফল নেগেটিভ আসার পরই তাদের অনুশীলনে নামতে দেওয়া হয়েছে। আগামী ২৫ আগস্ট থেকে লিডসে শুরু হবে সিরিজের তৃতীয় টেস্ট। সেই টেস্টে ভারতীয় একাদশে খেলার সম্ভাবনা আছে তাদের।
