একঝাঁক তরুণদের নিয়ে গঠিত হয়েছে এইচপি দল

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

‘এ’ দলের বিপক্ষে সিরিজকে সামনে রেখেই ইতিমধ্যে হাই পারফরম্যান্স (এইচপি) দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত দলে জায়গা পেয়েছেন ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) ভালো করা একজাক তরুন ক্রিকেটাররা।

এছাড়া এইচপি দলে জায়গা পেয়েছেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী ক্রিকেটাররাও। ব্যাটসম্যানদের মধ্যে বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর আলী, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, শাহাদাত হোসেন দিপু, মাহমুদুল হাসান জয়, তৌহিদ হৃদয় এবং বোলারদের মধ্যে রকিবুল হাসান, তানজিম হাসান সাকিব আছেন স্কোয়াডে। যুব বিশ্বকাপের পর তারা ঘরোয়া ক্রিকেটেও দারুন পারফরম্যান্স করে যাচ্ছেন।

এছাড়া চলতি বছরের ডিপিএলে ভালো করার ফলে এইচপি দলে জায়গা পেয়েছেন মুনিম শাহরিয়ার, আনিসুল ইসলাম, ইমরানউজ্জামান ইমরান, মিনহাজুল আবেদিন আফ্রিদি, হাসান মুরাদ, তানভীর ইসলাম, রিশাদ হোসেন, মুকিদুল ইসলাম মুগ্ধ, সুমন খান, রুয়েল মিয়ার মত পারফর্মাররা।

তরুণ ব্যাটসম্যান মুনিম ডিপিএলের শিরোপাজয়ী আবাহনীর হয়ে দুর্দান্ত ব্যাটিং করে দলে জায়গা করে নেন। প্রাইম দোলেশ্বরের হয়ে দারুণ পারফর্ম করেন ইমরানউজ্জামান। আনিসুল ডিপিএলের আগে প্রশংসা কুড়িয়েছেন বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপেও।

আগামী ১৯ আগস্ট থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে জৈব সুরক্ষা বলয়ে এইচপি দলের ক্যাম্প শুরু হবে। লাল বলের ক্রিকেটারদের নিয়ে গড়া ‘এ’ দলের বিপক্ষে এইচপি দল খেলবে তিনটি ওয়ানডে ও দুটি চারদিনের ম্যাচ।

ওয়ানডে সিরিজের ম্যাচগুলো ২, ৪ ও ৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। প্রথম চারদিনের ম্যাচ ৯ সেপ্টেম্বর এবং দ্বিতীয় চারদিনের ম্যাচ ১৫ সেপ্টেম্বর শুরু হবে।

একনজরে এইচপি স্কোয়াডঃ তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, মুনিম শাহরিয়ার, শাহাদাত হোসেন দিপু, মাহমুদুল হাসান জয়, তৌহিদ হৃদয়, আনিসুল ইসলাম, ইমরানউজ্জামান ইমরান, আকবর আলী, মিনহাজুল আবেদিন আফ্রিদি, রকিবুল হাসান, হাসান মুরাদ, তানভীর ইসলাম, মোহাম্মদ রিশাদ হোসেন, শফিকুল ইসলাম, মুকিদুল ইসলাম মুগ্ধ, তানজিম হাসান সাকিব, মোহাম্মদ শাহীন আলম, সুমন খান, নোমান চৌধুরী সাগর, রেজাউর রহমান রাজা, রুয়েল মিয়া।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »