নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
দীর্ঘ এক মাসের বেশি সময় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল (শনিবার) সকালে মারা যান আবাহনীর পরিচালক ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক আহমেদ ফয়েজুর রহমান। রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেন তিনি। মৃত্যুকালে তার বয়স ছিল ৬৯ বছর।
আবাহনীর ভারপ্রাপ্ত পরিচালক কাজী নাবিল আহমেদ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে ফয়েজুরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়েছে। আবাহনীর পাঠানো শোক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফয়েজুরের মৃত্যুতে আবাহনীর পরিচালনা পর্ষদ, কর্মকর্তা ও খেলোয়াড়রা শোকার্ত। তার পরিবারের প্রতি গভীর সমবেদনা ও বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়েছে। ফয়জুরের প্রতি শ্রদ্ধা প্রদর্শনস্বরূপ আবাহনী ক্লাবে পতাকা অর্ধনমিত রাখা হয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে মরহুমের আত্মার মারফেরাত কামনা করেছে।
কিডনি রোগসহ নানান জটিল রোগে ভুগছিলেন দেশের অন্যতম এই ক্রীড়া সংগঠক। প্রায় তিন সপ্তাহ আগে হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ফয়েজুর। হাসপাতালে থাকা অবস্থায় তিনি করোনা পজিটিভও হন। পরে অবশ্য সেরেও উঠেছিলেন। তবে কিডনি রোগেই মৃত্যুর খুলে ঢলে পরেন এই ক্রীড়া সংগঠক।
ক্রীড়াঙ্গনে খুবই পরিচিত মুখ ছিলেন ফয়েজুর। বিশেষ করে, আবাহনী ক্লাব ও ক্রিকেটাঙ্গনে ছিল তার সরব পদচারণা। আবাহনী ক্লাব প্রতিষ্ঠার পর থেকেই জড়িত ছিলেন। লিমিটেড হওয়ার আগে সাধারণ সম্পাদক ছিলেন। লিমিটেড হওয়ার পর প্রথম ১১ জন শেয়ারহোল্ডারদের মধ্যে তিনি অন্যতম। মৃত্যু অবধি আবাহনীর পরিচালক হিসেবে দায়িত্বরত ছিলেন।
আবাহনীর পরিচালক ও বিসিবির মিডিয়ার কমিটির চেয়ারম্যান জালাল ইউনুসও তার মৃত্যুকে শোক প্রকাশ করে বলেন: ‘আবাহনী ক্রীড়াচক্র থেকে আবাহনী লিমিটেড হওয়ার পথে যে ১১ জন নিবেদিত প্রাণ সংগঠক সম্পৃক্ত ছিলেন, ফায়েজ ভাই হচ্ছেন তাদের একজন। তিনি আবাহনী ক্রীড়াচক্রের সাধারণ সম্পাদক এবং আশির দশকের শুরু থেকে প্রায় একযুগ আবাহনী ক্রিকেট কমিটির চেয়ারম্যানও ছিলেন। এত দ্রুত তাকে হারালাম, ভাবতেই খারাপ লাগছে। ক্রীড়াঙ্গন এবং আমাদের আবাহনী ক্লাব তাকে সব সময় স্মরণ করবে।’
