নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বছর গনিয়ে আসলেও এখন পর্যন্ত ২০২১ সালের কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মহামারির কারণে চুক্তির তালিকা প্রকাশে বিলম্ব হচ্ছে জানিয়ে আরও কিছু দিন অপেক্ষার আহ্বান জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।
গত ১৫ জুন অনুষ্ঠিত হয়েছিল বিসিবির বোর্ড সভা। সেখানে ক্রিকেটারদের চুক্তিকৃত তালিকার অনুমোদন দেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তখন তিনি জানিয়েছিলেন, ক্রিকেট অপারেশন্স বিভাগ ও নির্বাচকরা কিছু জিনিস নিয়ে আবার আলোচনা করবেন এরপরই তালিকা প্রকাশ করা হবে। যদিও আগস্ট মাস চলে যাচ্ছে তবুও তালিকা প্রকাশ করা হয়নি। নান্নু জানান, নির্বাচকদের তৈরি করা কেন্দ্রীয় চুক্তির তালিকাকে বিসিবি কতৃক আবারও অনুমোদন পেতে হবে।
নান্নু আরও বলেন, ‘কেন্দ্রীয় চুক্তি জমা দেওয়া হয়েছে। এটা একটু সময়ের ব্যাপার। বোর্ড সভায় অনুমোদনের ব্যাপার আছে। তারপর মিডিয়া রিলিজে যায়। এটার জন্য একটু অপেক্ষা করতে হবে। আমাদের কাজ তো আমরা এগিয়ে দিয়েছি। হয়ত এই সিরিজের পর… বোর্ড সভা তো ঘন ঘন হয় না। করোনা পরিস্থিতি সব দিক দিয়ে পিছিয়ে দিয়েছে। আগামী মাসের প্রথম সপ্তাহের মধ্যে হয়ে যেতে পারে।’
যেহেতু কেন্দ্রীয় চুক্তির তালিকা আবারও অনুমোদনের টেবিলে, তাহলে কি সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনা করে এখনও চুক্তির তালিকায় সংযোজন-বিয়োজন হচ্ছে? এমন প্রশ্নের জবাবে নান্নু বলেন, ‘সব পারফরম্যান্সই বিবেচনা করা হবে। ভারসাম্য তো দেখতে হবে। সাথে ভবিষ্যতের কথাও চিন্তা করা হবে। সম্ভাব্য সেরা তালিকাই দেওয়া হচ্ছে। ‘
