নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
আসন্ন নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ইতিমধ্যেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপনকে দলের থাকা খেলোয়াড়দের নামের তালিকা দিয়েছে নির্বাচকরা। বাংলাদেশের নিউজিল্যান্ড সফরের দল ইতোমধ্যে প্রস্তুত করেছেন নির্বাচকরা। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন অনুমোদন দিলেই দল ঘোষণা করা হবে।
জিম্বাবুয়ে ও অস্ট্রেলিয়া সিরিজের দল থেকে বেশ কিছু পরিবর্তনের আভাসও পাওয়া যাচ্ছে। ইনজুরি কাটিয়ে দলে ফিরবেন লিটন দাশ। সেই সাথে দলে ফিরছেন মুশফিকুর রহিম। শনিবার (১৪ আগস্ট) মিরপুরে গণমাধ্যমের সাথে আলাপকালে এসব তথ্য জানান জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। যদিও জিম্বাবুয়ে ও অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দল থেকে নিউজিল্যান্ড সিরিজের দলে কী কী পরিবর্তন থাকবে এ নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি।
নান্নু বলেন, “ইতোমধ্যে আমরা জমা দিয়ে দিয়েছি। সভাপতি অনুমোদন দিলে ঘোষণা করা হবে। পরিবর্তন আছে কি না দল দিলে দেখতে পারবেন। দল দিলেই তো দেখবেন কয়টা পরিবর্তন আছে বা কি আছে।”
নিউজিল্যান্ড সিরিজ ছাড়াও এ দল ও এইচপি দলেরও সেই সময়ে সিরিজ হবার কথা আছে। এছাড়া বিসিবি সভাপতি কর্তৃক ঘোষিত ছায়া দল নিয়েও কাজ চলছে বলে জানান প্রধান নির্বাচক।
এমনটি জানিয়ে নান্নু বলেন, “প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে যারা খেলছে ওদের নিয়ে ছায়া দল করছি। এইচপি ও ‘এ’ দলের পর বাকি যে খেলোয়াড়রা থাকবে ওদের বাংলা টাইগারে রাখা হবে।”
“বাংলা টাইগার নিয়ে ইতোমধ্যে ৩-৪টি মিটিং করেছি। এটার কাজ নিয়ে এগোচ্ছি। আশা করি আগামী ২ সপ্তাহে তৈরি করতে পারব। এখন মাঠের সমস্যা। কোথায় প্র্যাকটিস করবে। বৃষ্টির কারণে ইনডোর অনেক গুরুত্বপূর্ণ। মাঠ পুরোপুরি প্রস্তুত হলে শুরু করতে পারব।”– বলেন তিনি।
