নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
আগামী নভেম্বরের আগে আর কোনো টেস্ট ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে না টাইগাররা। এর মাঝে রঙিন পোশাকে দ্বিপাক্ষিক সিরিজ ও টি-টোয়েন্টি বিশ্বকাপ থাকলেও টেস্ট স্কোয়াডের অনেক সদস্য জায়গা পাবেন না।
দীর্ঘদিন ধরে সাদা পোশাকের ক্রিকেটাররা খেলার বাইরে থাকলে তাদের স্কিল ও ফিটনেসে ঘাটতি দেখা দিতে পারে। এ ভাবনা থেকেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাদের সুযোগ করে দিচ্ছে ‘এ’ দলের স্কোয়াডে। জাতীয় দলের সাদা পোশাকের খেলায়াড়দের ‘এ’ দলের স্কোয়াডে থাকার তথ্যটি নিশ্চিত করেছেন বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।
‘এ’ দলের স্কোয়াড ঘোষণা হবে শীঘ্রই। যেখানে দেখা যেতে পারে জাতীয় দলের টেস্ট অধিনায়ক মুমিনুল হক, ওপেনার সাদমান ইসলাম, সাইফ হাসানদের মতো ক্রিকেটারদের।
এ প্রসঙ্গে নান্নু বলেন,”এ’ টিমের স্কোয়াড হবে ১৮ জনের। এখানে লাল বলের ক্রিকেটাররা আছেন। সামনের সপ্তাহে স্কোয়াড দেয়া হবে।’’
করোনা মহামারির কঠিন সময়েও ‘এ’ দলের হোম বা অ্যাওয়ে সিরিজ আয়োজনের চেষ্টা চালিয়ে যাচ্ছে বিসিবি।
‘এ’ দলের সিরিজ আয়োজন প্রসঙ্গে নান্নু বলেন,’‘এ ব্যাপারে পরিকল্পনা করা হচ্ছে। পুরোপুরি তৈরি করার বিষয় আছে, পরিস্থিতিই তো এমন, যে খালি আমাদের দেশে না। কোভিড সিচুয়েশন বায়ো বাবলে খেলা। সে হিসেবে স্ট্রাগল সব জায়গায়ই করা হচ্ছে। আমরা আশা করছি আগামী দুই সপ্তাহের মধ্যে যদি সব নরমাল হয়ে যায় তাহলে ‘এ’ টিমের প্রোগ্রাম হবে। ‘এ’ দলের হোম বা অ্যাওয়ে সিরিজ এখনো হাতে নেই। ওটা চেষ্টা করা হচ্ছে। আশা করছি আগামী দুই তিন মাসের মধ্যে হবে।”
