নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
সদ্য সমাপ্ত অস্ট্রেলিয়া সিরিজে বাংলাদেশ দলের টপ অর্ডার ব্যাটসম্যানদের পারফরম্যান্স মোটেও ভালো ছিল না। আলাদা করে সৌম্য সরকার হতাশ করেছেন সমর্থকদের। তবে ওপেনারদের ফর্ম নিয়ে প্রশ্ন তোলায় অসন্তোষ প্রকাশ করেছেন টাইগারদের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো।
আগের সিরিজে জিম্বাবুয়েতে সেরা খেলোয়াড় হয়েছিলেন সৌম্য সরকার। তবে অজিদের বিপক্ষে ৫ ম্যাচ সিরিজে তিনি রান করেছেন ২৮। ডমিঙ্গো অবশ্য সৌম্যকে আরও সুযোগ দেওয়ার পক্ষে। একইসাথে আরেক ওপেনার নাঈম শেখের ওপরও রাখছেন আস্থা।
ওপেনারদের ফর্ম নিয়ে গণমাধ্যমের প্রশ্নে ডমিঙ্গো বলেন,’‘নাঈম তো ভালো করছে। আপনি কি জানেন নাঈম বাংলাদেশিদের মধ্যে টি-টোয়েন্টি র্যাংকিংয়ে শীর্ষে?’’
পাল্টা প্রশ্ন ছুঁড়ে দিয়ে ডমিঙ্গো বলেন,’‘আমি আপনাকে প্রশ্ন করব, এই সিরিজে কয়জন ওপেনার রান করতে পেরেছে? অস্ট্রেলিয়ার বোলিং আক্রমণ অনেক ভালো। হ্যাজলউড, স্টার্ক বিশ্বের সেরা বোলার। পিচও ছিল ব্যাটসম্যানদের জন্য কঠিন। তারা তাদের সেরাটা চেষ্টা করছে।’’
কোচের ভাষায়,’‘দুই ম্যাচ পরই মানুষ সৌম্যকে নিয়ে সমালোচনা শুরু করেছে। কিন্তু দুই ম্যাচ আগেই সে ম্যান অব দ্যা সিরিজ ছিল। খেলোয়াড়দের সমর্থন দিতে হবে। এক-দুই ম্যাচে রান পেলে দল থেকে বাদ দেওয়া যাবে না। এই ব্যাপারে অনুগ্রহ করে আপনারা সংযত হন।’’
অস্ট্রেলিয়া সিরিজে দলে ছিলেন না দুই নিয়মিত ওপেনার তামিম ইকবাল ও লিটন দাস। তাদের অনুপস্থিতিতে তরুণরা যেভাবে খেলেছেন তা তৃপ্তি দিচ্ছে ডমিঙ্গোকে।
তিনি বলেন,’‘দলে জায়গা ধরে রাখার জন্য প্রতিযোগিতা দারুণ ব্যাপার। মুশফিক তো পরের সিরিজেই ফিরবে। লিটনও ফিরবে আশা করি। তবে তামিম থাকছে না। ভালো খেলোয়াড়দের ফিরে পাওয়া স্বস্তির। তবে তরুণদের ভালো করতে দেখে অনেক ভালো লাগছে।”
